
বর্তমান সরকারের গত সাড়ে চার বছরে সব নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পৃথিবীর অন্যান্য সংসদীয় গণতান্ত্রিক দেশের মতোই দেশে নির্বাচন হবে। গতকাল শনিবার রাতে জাতীয় সংসদে বাজেট আলোচনায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রত্যাখ্যান করে বিরোধীদলীয় নেত্রীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, যাদের আশায় এই দাবি করছেন, তারা একবার ক্ষমতা নিতে পারলে আর ছাড়বে না। ‘মাইনাস টু’র প্রবক্তারা যেন ক্ষমতায় আসতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।শেখ হাসিনা বিরোধীদলীয় নেত্রীর বক্তব্য খণ্ডন করেন এবং সমালোচনার খাতওয়ারি জবাব দেন। তিনি শেয়ারবাজার, হল-মার্ক ও ডেসটিনির অর্থ কেলেঙ্কারির সঙ্গে বিএনপিকে অভিযুক্ত করেন। পদ্মা সেতুতে কোনো অনিয়ম হয়নি বলে তিনি দাবি করেন।এ ছাড়া প্রধানমন্ত্রী গত সাড়ে চার বছরে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দেন। তাঁর বক্তব্যে বিরোধী দলের সমালোচনার জবাব দেওয়ার পাশাপাশি পাল্টা আক্রমণও ছিল। নানা ক্ষেত্রেই তিনি বিরোধী দল ও বিরোধীদলীয় নেত্রীকে দায়ী করে বক্তব্য দেন।প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় সংসদ উত্তপ্ত হয়ে ওঠে। বিরোধীদলীয় সাংসদেরা হইচই করে ও টেবিল চাপড়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানান। বিশেষ করে, সংরক্ষিত আসনের চার নারী সাংসদ ছিলেন আক্রমণাত্মক। সরকারি দলও এর পাল্টা জবাব দিয়েছে। স্পিকার শিরীন শারমিন চৌধুরী একবার প্রধানমন্ত্রীর বক্তব্য থামিয়ে সবাইকে শান্ত থাকার অনুরোধ জানান। এ ক্ষেত্রে তিনি বিরোধী দলের সহযোগিতা কামনা করেন।প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ‘চার সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। এ পর্যন্ত পাঁচ হাজার ৬৫৪টি নির্বাচনে ৬৪ হাজার ৭৬৬ জন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। প্রতিটি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়েছে। বিরোধীদলীয় নেত্রী নির্বাচনে জিতে বাকবাকুম পায়রা হয়ে গেছেন। তবে আমার এত দিনের সংগ্রাম সার্থক হয়েছে। এখন গণতন্ত্রের পথে পা বাড়াতে হবে। গণতান্ত্রিক বিধিব্যবস্থা না থাকলে দেশে উন্নয়ন হবে না।’শেখ হাসিনা বলেন, তৃতীয় শক্তি হিসেবে যাঁরা আসতে চান, তাঁরা মাইনাস টু ফর্মুলার প্রবক্তা। তিনি বিরোধীদলীয় নেত্রীকে তাঁর পাশে বসা মওদুদ আহমদের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘আপনার পাশে যিনি আছেন, তাঁর তালের ঠিক নেই। সতর্ক থাকবেন। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় আপনিও কষ্ট করেছেন, আমিও করেছি। আমি ক্ষমতায় না থাকলেও আমাকে আগে গ্রেপ্তার করা হয়। আপনার ছেলেদের মুচলেকা নিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়।’ তত্ত্বাবধায়কের জন্য আওয়ামী লীগের আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘মাগুরা উপনির্বাচন, মিরপুর উপনির্বাচন ও ১৫ ফেব্রুয়ারি মার্কা নির্বাচনের জন্য আমরা তত্ত্বাবধায়কের দাবি করেছিলাম। তখন নির্বাচন মানে ছিল ১০টা হোন্ডা, ২০টা গুন্ডা আর নির্বাচন ঠান্ডা।’
জিএসপি সুবিধা স্থগিত প্রসঙ্গ: প্রধানমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র ২০০৭ সাল থেকেই জিএসপি সুবিধা বন্ধ করে দেবে বলে নোটিশ দিচ্ছিল। আমরা এত দিন ঠেকিয়ে রেখেছি। বিরোধীদলীয় নেত্রী ওয়াশিংটন টাইমস পত্রিকায়, যার মালিক ইহুদি; সেই পত্রিকায় নিবন্ধ লিখে জিএসপি সুবিধা বন্ধ করে দেওয়ার কথা বলেন।’ শেখ হাসিনা বলেন, ‘পোশাকশ্রমিকেরা আগে ১৫০০-১৬০০ টাকা বেতন পেতেন। আমরা তাঁদের বেতন-ভাতা বাড়িয়েছি। একানব্বই-ছিয়ানব্বই সালে বিএনপি ক্ষমতায় থাকার সময় ইউরোপীয় ইউনিয়ন জালিয়াতির জন্য চিংড়ি রপ্তানি ও জিএসপি সুবিধা বন্ধ করে দিয়েছিল। আমরা ছিয়ানব্বই সালে ক্ষমতায় এসে জিএসপি সুবিধা রক্ষা করি।’
সরকারের বিরুদ্ধে বিরোধীদলীয় নেত্রীর দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রী বলেন, ‘হল-মার্ক, ডেসটিনির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। হল-মার্কের তানভীর হাওয়া ভবনের লোক। তিনি জিয়া পরিষদে ছিলেন। তাঁদের লোক ধরা পড়েছে বলেই এত হইচই। আমরা চোর ধরে চোর হয়ে গেলাম। আর বিরোধীদলীয় নেত্রীর প্রিয় ফালু ও বাদলকে ধরলেই শেয়ারবাজারের টাকা কোথায় গেল তা জানা যাবে।’ তিনি পাল্টা অভিযোগ করে বলেন, ‘ছেঁড়া গেঞ্জি ও ভাঙা সুটকেসের মালিক এত শিল্প-কারখানার মালিক হলেন কী করে? চোরের মায়ের বড় গলা। তাঁর এক ছেলের বিরুদ্ধে এফবিআই এসে সাক্ষী দিয়ে গেছে। এক ছেলের টাকা দেশে ফেরত এনেছি। আরেকজনের টাকাও ফেরত আনব। কথায় আছে, অর্থ ও প্রেম লুকিয়ে রাখা যায় না। অর্থের জৌলুশ ফেটে বের হবেই। উনারা জানেন, কে দুর্নীতি করেছে।’
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে দুর্নীতির জন্য বিশ্বব্যাংক যোগাযোগ খাতে ছয়টি প্রকল্প বাতিল করে দেয়। তখন বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের প্রতিনিধিকে বিএনপি অবাঞ্ছিত ঘোষণা করে। এখন যোগাযোগ খাতে বিশ্বব্যাংক আর টাকা দেয় না।
প্রধানমন্ত্রী নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘একজন ভদ্রলোক একটি ব্যাংকের এমডি থাকবেন কি থাকবেন না, এটা নিয়ে পদ্মা সেতু হবে কি, হবে না—এ ধরনের হুমকিতে মাথা নত করি না। সময় হলে আরও বলব।’
পদ্মা সেতু প্রসঙ্গ: শেখ হাসিনার প্রশ্ন, ‘যেখানে কোনো অর্থই দেওয়া হয়নি, সেখানে দুর্নীতি হয় কী করে? আমি চ্যালেঞ্জ করলাম, পদ্মা সেতুতে দুর্নীতি হয়নি। তখন বলা হলো, দুর্নীতি হয়নি, দুর্নীতির ষড়যন্ত্র হয়েছে। এটারও প্রমাণ দিতে পারেনি। আমাকে ও আমার পরিবারকে হেয় করার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, নিজের টাকায় সেতু করব। সব উন্নয়ন প্রকল্প ঠিক রেখেই পদ্মার বরাদ্দ দেওয়া হয়েছে। একটা দেশ যখন নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারে, তখন প্রমাণিত হয় ওই দেশের অর্থনীতি কত মজবুত।’
প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক শক্তিশালী দেশ মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছিল। সপ্তম নৌবহর পাঠানো হয়েছিল। কিন্তু আমাদের স্বাধীনতা আটকাতে পারেনি। একটা লোক ব্যাংকের এমডি থাকল কি থাকল না, তার জন্য দক্ষিণাঞ্চলের মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হবে, তা শেখ হাসিনা বেঁচে থাকতে হতে দেব না। এ জন্য আমার রক্ত দিতেও হতে পারে। আমি রক্ত দিতে প্রস্তুত। মরলে মাথা উঁচু করেই মরব।’
হেফাজতে ইসলাম প্রসঙ্গ: শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযান সম্পর্কে বিরোধীদলীয় নেত্রীর অভিযোগের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘হেফাজত সমাবেশ করতে চেয়েছে। আমরা বাধা দেইনি। তারা ৪ এপ্রিল সমাবেশ করল। ৫ মে হেফাজতে ইসলাম সমাবেশ করে চলে যাওয়ার কথা। কিন্তু বিরোধীদলীয় নেত্রী তাদের অবস্থান করতে বললেন। তিনি ঢাকাবাসীকে তাদের সহায়তার জন্য বললেন। তাদের জন্য ২০০ গরু আনা হলো। খাবারদাবারের ব্যবস্থা হলো। তারা নাকি সরকারের পতন না হওয়া পর্যন্ত উঠবে না।’ তিনি বলেন, ‘বড় হুজুরের বয়ান শোনানোর কথা বলে মাদ্রাসার কচিকাচা বাচ্চাদের আনা হলো। ওই দিন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আগুন দেওয়া হলো। যেসব হকার কোরআন শরিফ, তসবিহ জায়নামাজ বিক্রি করেন, সেগুলোতে আগুন দেওয়া হলো। গাছ কাটা হলো। সোনার দোকান লুট করার চেষ্টা করা হলো। এ অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী করবে? তারা ব্যবস্থা নিল। একদিক খোলা রেখে সবাইকে সরিয়ে দেওয়া হলো। বাচ্চাদের লঞ্চে তুলে দেওয়া হলো। তবে এতে বিরোধীদলীয় নেত্রীর দুঃখ থাকতে পারে। তিনি হেফাজতের কাঁধে বন্দুক রেখে চলতে চেয়েছিলেন। এটা সফল হয়নি। এ ঘটনা নিয়ে বিরোধী দল তথ্য-সন্ত্রাস চালাচ্ছে। চার সিটি করপোরেশনে এ ঘটনা নিয়ে অপপ্রচার চালানো হয়।’
প্রধানমন্ত্রী আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের প্রতি ইঙ্গিত করে বলেন, একজন চাকরিজীবী একটি পত্রিকার মালিক হলেন। তিনি বিরোধীদলীয় নেত্রীর জ্বালানি উপদেষ্টা ছিলেন। মক্কা শরিফের ছবি নিয়েও জালিয়াতি করতে পিছপা হননি ওই সম্পাদক। হাইতির ভূমিকম্পের ছবি ছাপিয়ে বলা হলো হেফাজতের ওপর নির্যাতনের ছবি। যুক্তরাষ্ট্রের জর্জ টাউনে ১৯৭৮ সালে একটি ধর্মীয় সম্প্রদায় আত্মহত্যা করেছিল পরকালে শান্তি লাভের আশায়। সেই ছবি দেখিয়ে বলা হলো, হেফাজতের সমাবেশে দুই-আড়াই হাজার লোক মারা হয়েছে।
শেখ হাসিনা বলেন, ‘আমাকে নাস্তিক বলে গালি দেন। আমরা নাস্তিক হলে আস্তিক কে? আমার দাদা-দাদির নামে অসত্য কথা বলা হয়েছে। আমার পূর্বপূরুষ কী করতেন, তা সবাই জানেন।’