অন্যায় করলে প্রশ্রয় দেওয়া হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোভ-লালসার ঊর্ধ্বে থেকে ত্যাগের মহিমা নিয়ে কাজ করার জন্য ছাত্রলীগ নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যায় করলে তাঁদের প্রশ্রয় দেওয়া হবে না বলেও ছাত্রলীগের নেতা-কর্মীদের সতর্ক করে দেন তিনি।
গতকাল সোমবার বিকেলে গণভবনে ছাত্রলীগের বিদায়ী ও নতুন কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকীও উপস্থিত ছিলেন।
নতুন কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি চাই তোমরা যে দায়িত্ব পেয়েছ এবং তোমাদের যারা নির্বাচিত করেছে, তাদের প্রতি সম্মান রেখে দায়িত্ব যথাযথভাবে পালন করবে।’ তিনি বলেন, ভোগের মধ্যে সুখ নয়, ত্যাগের মাধ্যমেই নিজেকে গড়ে তুলতে হবে। যারা ভোগের গড্ডলিকায় নিজেকে বিলিয়ে দেয়, তারা নিজেরা হয়তো ভোগ-বিলাসের জীবন কাটাতে পারে। কিন্তু দেশকে কিছু দিতে পারে না।
এর আগে গতকাল দুপুরে ছাত্রলীগের নতুন কমিটির নেতারা ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় বিদায়ী কমিটির সভাপতি বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমসহ অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
শ্রদ্ধ নিবেদন শেষে নতুন সভাপতি সাইফুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রেখে প্রগতির পথে ছাত্রসমাজকে এগিয়ে নেওয়াই হবে আমাদের দায়িত্ব।’
সাধারণ সম্পাদক জাকির হোসাইন বলেন, সাংবাদিকদের কাছে আহ্বান, তাঁরা সংগঠনের ইতিবাচক দিকগুলো তুলে ধরবেন। শুধু নেতিবাচক দিক, ভুলভ্রান্তিগুলো তুলে ধরবেন না।