সার গায়েবের ঘটনার পর কিশোরগঞ্জের ভৈরবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) গুদাম প্রায় দুই বছর ধরে বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চার জেলার পরিবেশক (ডিলার) ও কৃষকেরা।
কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মুন্সিগঞ্জের প্রায় ৩০০ পরিবেশককে (ডিলার) এখন অন্য জেলা ও উপজেলার গুদাম থেকে সার নিতে হচ্ছে। এতে সময় ও পরিবহন ব্যয় দুটিই বেড়েছে। বিশেষ করে ভৈরব ও কিশোরগঞ্জের তিনটি হাওর উপজেলার পরিবেশকেরা আর্থিক ক্ষতির অভিযোগ করেছেন।
বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) কিশোরগঞ্জ ইউনিটের সভাপতি নাদিরুজ্জামান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, সড়ক, নৌ ও রেলপথ যোগাযোগব্যবস্থা ভালো হওয়ার কারণে ওই চার জেলার পরিবেশকেরা সহজেই ভৈরব থেকে সার নিতে পারতেন। এখন তাঁদের অন্য গুদামের সঙ্গে যুক্ত করে দেওয়ায় সময় ও পরিবহন ব্যয় বেড়ে গেছে। গুদামটি খুলে দেওয়ার দাবি জানিয়ে এলেও কর্তৃপক্ষের সাড়া পাওয়া যাচ্ছে না।
বিএডিসির স্থানীয় কার্যালয় সূত্র জানায়, ভৈরব গুদাম থেকে কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মুন্সিগঞ্জে সার সরবরাহ করা হয়। ২০১৪ সালের নভেম্বরে এ গুদাম থেকে ৪ হাজার ৮৩৫ মেট্রিক টন নন-ইউরিয়া গায়েবের তথ্য ফাঁস হয়। ওই সারের বাজারমূল্য ২২ কোটি ২৩ লাখ টাকা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কর্তৃপক্ষ গুদামের সহকারী পরিচালক রেজাউল করিম ও গুদামরক্ষক খুরশেদ আলমকে সাময়িক বরখাস্ত করে। এ ছাড়া স্বচ্ছতা ফিরিয়ে আনার কথা বলে গুদামটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
পরিবেশকদের সঙ্গে কথা বলে জানা যায়, গুদাম বন্ধের কারণে সবচেয়ে বেশি আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন কিশোরগঞ্জের ভৈরব এবং হাওরবেষ্টিত উপজেলা ইটনা, অষ্টগ্রাম ও মিঠামইনের পরিবেশকেরা। তাঁদের এখন সার নিতে হচ্ছে জেলার কুলিয়ারচর গুদাম থেকে।
মিঠামইনের পরিবেশক আলাউদ্দিন খন্দকার বলেন, হাওরে মালামাল পরিবহনের জন্য নদীপথ সবচেয়ে উত্তম। ভৈরবের সঙ্গে নদীপথে হাওরের ভালো যোগাযোগ রয়েছে। বর্তমানে কুলিয়ারচর থেকে সড়কপথে প্রথমে ভৈরবে সার আনতে হচ্ছে। এরপর নৌকায় করে তা গন্তব্যে নিতে হয়। এতে বস্তাপ্রতি ছয়-সাত টাকা ব্যয় বেড়ে যাচ্ছে।
সংগঠনের সহসভাপতি আসাদুজ্জামান ফারুক বলেন, ‘অন্যায় করেছেন গুদামসংশ্লিষ্ট ব্যক্তিরা। এখন দীর্ঘ সময় ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে পরিবেশক ও কৃষকদের।’
পরিবেশকদের ভোগান্তির কথা স্বীকার করেন বিএডিসির কিশোরগঞ্জ কার্যালয়ের যুগ্ম পরিচালক মো. দেলোয়ার হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, প্রথমত আইনি জটিলতা আছে। এ ছাড়া ভৈরব গুদামটি পুরোপুরি ব্যবহারের উপযোগী নয়। চালু করার আগে অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। পাকা সংযোগ সড়ক করতে হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে কবে নাগাদ গুদামটি চালু হতে পারে, তা সুনির্দিষ্ট করে জানাতে পারেননি এই কর্মকর্তা।