‘আমরা অবক্ষয়ের দিকে যাচ্ছি, অন্ধকারের দিকে যাচ্ছি। আপনারা সক্রিয় হোন। ভীরুতা, কাপুরুষতা ত্যাগ করে অন্যায়, দুর্নীতি ও সন্ত্রাস বন্ধের জন্য আপনাদের তৈরি হতে হবে।’তরুণদের উদ্দেশে এ কথা বলেছেন ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রখ্যাত সংগ্রামী বিনোদবিহারী চৌধুরী। গতকাল শনিবার রাজধানীতে এশিয়াটিক সোসাইটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।শতবর্ষী এই বিপ্লবী ও জাতীয় অধ্যাপক দার্শনিক সরদার ফজলুল করিমকে এশিয়াটিক সোসাইটির সম্মানসূচক সদস্যপদ দান এবং সরদার ফজলুল করিম, এ এফ সালাহউদ্দিন আহমেদ ও রঙ্গলাল সেন জাতীয় অধ্যাপক হওয়ায় সোসাইটি এ সংবর্ধনার আয়োজন করে।অনুষ্ঠানে দেশের বিশিষ্ট এই নাগরিকদের সম্মাননা উত্তরীয় পরিয়ে দেন এশিয়াটিক সোসাইটির সাবেক ও বর্তমান কর্তাব্যক্তিরা। তাঁদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট। সম্মানিত বিশিষ্টজনদের সংক্ষিপ্ত জীবনী পড়ে শোনান সোসাইটির সাধারণ সম্পাদক মাহফুজা খানম।নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পদক পাওয়া বিনোদবিহারী চৌধুরী বলেন, ‘দেশকে পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করার শপথ নিয়ে কিশোর বয়স থেকেই আন্দোলনে অংশ নেওয়ার চেষ্টা করেছি। সেই আদর্শ আজ কোথায়? যাদের মধ্যে নৈতিকতা, মহানুভবতা ও গতিশীলতা আছে, তারাই সত্যিকারের মানুষ হয়। তরুণদের মনুষ্যত্বে উজ্জীবিত হতে হবে। তবেই সত্যিকারের সোনার বাংলা গড়ে উঠবে।’ পাকিস্তানি শাসকগোষ্ঠীর চক্ষুশূল হয়ে ১১ বছর কারাগারে কাটানো সরদার ফজলুল করিম বলেন, ‘আমি কৃষক পরিবারের সন্তান। কিন্তু জীবন নিয়ে আমি গর্বিত।... ১১ বছর জেলখানায় থেকে আমি জীবন নষ্ট করিনি; বরং জীবন লাভ করেছি।’বর্ষীয়ান ইতিহাসবিদ এ এফ সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বৈজ্ঞানিক দৃষ্টিকোণ ছাড়া জ্ঞান অর্জন করা যায় না। কিন্তু দুঃখের বিষয়, সে লক্ষ্য থেকে শিক্ষা এখন সরে এসেছে। সত্যকে সঠিকভাবে প্রকাশ করা হচ্ছে না।’ অনুষ্ঠানের সভাপতি সোসাইটির সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম বলেন, ‘মহৎ কয়েকজন ব্যক্তিকে সম্মাননা সদস্যপদ ও সংবর্ধনা দিতে পেরে এশিয়াটিক সোসাইটি গর্বিত।’