অন্যায় হলে সমালোচনা করুন অপপ্রচার গ্রহণযোগ্য নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, ‘সরকারের অন্যায় হলে বা সরকার সঠিক কাজ না করলে সমালোচনা করুন। কিন্তু মিথ্যা, অপপ্রচার গ্রহণযোগ্য নয়। এমনভাবে সমালোচনা করতে হবে, যাতে গণতন্ত্র ও গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত থাকে।’গতকাল শুক্রবার সাংবাদিকদের দেওয়া ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। জাতীয় প্রেসক্লাবে এই ইফতারের আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ।প্রধানমন্ত্রী বলেন, ‘অপরাধী দল বা দলের বাইরে যে-ই হোক না কেন, আমরা ব্যবস্থা নিচ্ছি।’ তিনি বলেন, বিগত সময়ে অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের তদন্ত বা বিচার হয়নি। তাঁর সরকার এগুলো খতিয়ে দেখবে বলে তিনি আশ্বাস দেন।প্রধানমন্ত্রী বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার তদন্ত চলছে। যেসব ক্লু পাওয়া যাচ্ছে, তদন্ত করা হচ্ছে। এই হত্যাকাণ্ডের বিচার হবেই। তিনি বলেন, চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটক মামলার তদন্ত চলছে; এ ঘটনারও বিচার হবে।সামরিক শাসন অবৈধ ঘোষণা এবং সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিল করে উচ্চ আদালতের রায় সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গণতন্ত্র সংহত ও সাংবিধানিক শাসনব্যবস্থার ধারা অব্যাহত রাখার ক্ষেত্রে এই রায়কে একটা সুযোগ হিসেবে দেখছি। তিনি তথ্য অধিকার আইন প্রণয়ণের কথা উল্লেখ করে বলেন, ‘স্বাধীনতা ভালো। বলা হয়, তবে তা বালকের জন্য নহে। স্বাধীনতা ভোগ করুন। স্বাধীনতার সঙ্গে সঙ্গে দায়িত্বও বর্তায়। সেটা ভুলবেন না।’ইফতার অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে এবং সাংবাদিকদের নানা দাবি-দাওয়ার বিষয় তুলে ধরেন বিএফইউজের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী। ইফতার অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী, প্রবীণ সাংবাদিক এবিএম মূসা, প্রধানমন্ত্রীর প্রেস-সচিব আবুল কালাম আজাদ, জাতীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আখতার ইউসুফ, বিএফইউজের মহাসচিব আলতাফ মাহমুদ, ডিইউজের সভাপতি শাহ আলমগীরসহ সংবাদকর্মীরা ইফতার অনুষ্ঠানে অংশ নেন। ইফতারের আগে দেশ ও দেশের মানুষের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।