অন্যায় হয়েছে, নইলে ২১টি পরিবার অন্যত্র আশ্রয় নিত না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমন কোনো কাজ করা ঠিক নয়, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় ব্যাঘাত ঘটায়। আর যে মামলাটি জামিনযোগ্য অথচ আটক ব্যক্তিদের জামিন দেওয়া হচ্ছে না, তা একটি বিস্ময়কর ব্যাপার।
খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়া এলাকা ও রাঙামাটির বাঘাইছড়ির দুইটিলা এলাকা পরিদর্শন শেষে এ মন্তব্য করেছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক আন্তর্জাতিক কমিশন (সিএইচটি কমিশন)। গতকাল শুক্রবার দুপুরে তারা খাগড়াছড়ি পর্যটন মোটেলে প্রেস ব্রিফিং করে।
প্রেস ব্রিফিংয়ে সিএইচটি কমিশনের কো-চেয়ারপারসন সুলতানা কামাল বলেন, দীঘিনালার বাবুছড়ায় ৫১ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপন নিয়ে সৃষ্ট বিরোধে কোনো অন্যায় ও অন্যায্য কাজ হয়েছে। তা না হলে বাবুছড়া উচ্চবিদ্যালয়ে ২১টি পরিবার আশ্রয় নিতে বাধ্য হতো না। তিনি বলেন, আদিবাসীদের সঙ্গে বিজিবি ও পুলিশের অপ্রীতিকর ঘটনায় মামলায় কয়েকজনকে আটক করা হয়েছে। মামলাটি জামিনযোগ্য, কয়েকজনকে জামিন দেওয়াও হয়েছে। কিন্তু সদ্য এসএসসি পাস করা এক মেয়েসহ কয়েকজনকে এখনো জামিন দেওয়া হয়নি। এটা খুবই বিস্ময়কর।
ইফতেখারুজ্জামান বলেন, ‘পাহাড়ে শান্তি ফিরে আসুক ও আদিবাসীরা এ দেশে আস্থা নিয়ে নিরাপদে থাকুক, এটা আমরা চাই। তবে দুঃখজনক হলো, যারা সম-অধিকারের কথা বলে, তারা অন্য নাগরিকের অধিকার খর্ব করে সম-অধিকার চায়।’
কমিশনের পার্বত্য চট্টগ্রাম সফরের প্রতিবাদে কয়েকটি বাঙালি সংগঠন সড়ক অবরোধসহ কিছু কর্মসূচি দিয়েছে। এ ব্যাপারে খুশী কবির বলেন, প্রত্যেক নাগরিকের অধিকার রয়েছে যেকোনো কর্মসূচি দেওয়ার বা অংশগ্রহণ করার। তবে এ পর্যন্ত কমিশনের কাজে কোনো ব্যাঘাত ঘটেনি। তিনি মন্তব্য করেন, সম-অধিকার প্রতিষ্ঠা করা মানে অন্য মানুষের অধিকার বঞ্চিত করে নয়। যারা আন্দোলন করছে তারা সম-অধিকার নিয়ে বিভ্রান্তিতে রয়েছে।
স্বপন আদনান বলেন, ‘যারা কমিশনকে বাধা দিতে কর্মসূচি ঘোষণা করেছে তাদের সঙ্গে আমাদের বৈঠকের কথা রয়েছে। কী কারণে তারা এ কর্মসূচি দিল, তা আমাদের বোধগম্য নয়।’
প্রেস ব্রিফিংয়ের পর কমিশনের সদস্যরা রাঙামাটির উদ্দেশে খাগড়াছড়ি ত্যাগ করেন।
বাঙালি ছাত্র পরিষদের বিক্ষোভ: পার্বত্য চট্টগ্রামবিষয়ক আন্তর্জাতিক কমিশন পার্বত্য চট্টগ্রাম সফরের প্রতিবাদে বাঙালি ছাত্র পরিষদ গতকালও বিক্ষোভ করেছে। বেলা ১১টায় খাগড়াছড়ি সদরের চেঙ্গী স্কোয়ারে মানববন্ধন করে তারা। এরপর বাঙালি ছাত্র পরিষদের কর্মীরা মিছিল নিয়ে চেঙ্গী সেতুর পাশে পর্যটন মোটেলের গেটে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় বক্তব্য দেন পরিষদের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক আবদুল মজিদ। তিনি বলেন, সিএইচটি কমিশন পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক উসকানি দেয়। তারা এখানে এলে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়।