সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, যাঁরা দায়িত্বশীল পদে থেকেও দায়িত্ব পালন করেন না, বরং অন্যায়ের সঙ্গে হাত মেলান, তাঁদের কোনো বিচার হয় না। এসব কারণে অপরাধ প্রবণতা বাড়ছে। দেশে মানবাধিকার পরিস্থিতির অবনতির কারণ হিসেবে তিনি প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের অবহেলাকে দায়ী করেন।গাইবান্ধার শিল্পকলা একাডেমী মিলনায়তনে গতকাল বুধবার মানবাধিকার ফোরাম আয়োজিত জেলার মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা প্রতিবেদন ২০১২-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান ও মতবিনিময় সভায় সুলতানা কামাল এসব কথা বলেন।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা আরও বলেন, একাত্তরের রক্তার্জিত স্বাধীনতার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত এই দেশে মানবাধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার করা হয়েছিল সংবিধানে। কিন্তু তা আজও বাস্তবায়িত হয়নি। সুলতানা কামাল বলেন, শাহবাগের তরুণেরা মানবতাবিরোধী অপরাধীদের বিরুদ্ধে যে আন্দোলনের সূচনা করেছেন, তার সাফল্যের মাধ্যমে প্রকৃত মানবাধিকার প্রতিষ্ঠা হতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে বাদী ও আসামি উভয় পক্ষের আপিলের সমান সুযোগ রেখে আইন পাস হওয়ায় ন্যায়বিচার প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন এই মানবাধিকার নেত্রী।জেলার মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালের তুলনায় ২০১২ সালে হত্যা, খুন, ধর্ষণ ও নারী নির্যাতনের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে।