অন্যায়কে প্রশ্রয় না দিতে পুলিশকে বললেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো অন্যায়কে প্রশ্রয় না দিতে পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এমনকি অন্যায়কারী কোনো প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি হলেও তাঁকে ছাড় দেওয়া যাবে না। খবর বাসস।

আজ বুধবার তাঁর কার্যালয়ে পুলিশ সপ্তাহ-২০১৬ উপলক্ষে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘অপরাধী আমার দলের নেতা হলেও আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার সঙ্গে যোগাযোগের সব ব্যবস্থা রয়েছে।’

প্রধানমন্ত্রী জেলা পুলিশ প্রধানকে ভূমি দখলকারী বিশেষ করে যারা গরিবের সম্পত্তি দখল করে তাদের ব্যাপারে ও ছিনতাইকারীদের ব্যাপারে সতর্ক থাকা এবং দেশব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পরা মাদকের বিরুদ্ধে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন।

বক্তব্যের একপর্যায়ে শেখ হাসিনা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি আগের চেয়ে অনেকে বেড়েছে। তাই কর্মকাণ্ড স্বাচ্ছন্দ্যে পরিচালনায় এই মন্ত্রণালয়ে আরও কয়েকজন সচিব নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এম শহীদুল হক। এ ছাড়া আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, একই মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এম মোজাম্মেল হক খান।
অনুষ্ঠানে পুলিশ বাহিনীর বিভিন্ন সমস্যার পাশাপাশি এর উন্নয়নে পরামর্শ সংবলিত বক্তব্য দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার এম আসাদুজ্জামান মিয়া, রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার, নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম ও ঢাকার পুলিশ সুপার হাবিবুর রহমান।