অন্যায়ভাবে বরখাস্ত হলে আইন ওই শিক্ষকের পক্ষেই থাকবে
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নারায়ণগঞ্জের ওই শিক্ষককে যদি অন্যায়ভাবে বরখাস্ত করা হয়ে থাকে, তাহলে আইন ওই শিক্ষকের পক্ষে থাকবে। আর যদি ন্যায়ভাবে তাঁকে বরখাস্ত করা হয়, তাহলে আইন তাঁর বিপক্ষে থাকবে। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে সন্ধ্যায় আইন মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশনের (জিআইজেড) যৌথ উদ্যোগে পরিচালিত জাস্টিস রিফর্ম অ্যান্ড করাপশন প্রিভেনশন’ প্রকল্পের কারিগরি সহায়তায় ঢাকা ল রিপোর্টস ‘দ্য ল অন বেইল’–এর চতুর্থ সংস্করণ বইয়ের মোড়ক উন্মোচন করেন আইনমন্ত্রী।
গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শ্রেণিকক্ষে ‘ধর্ম নিয়ে কটূক্তি’র অভিযোগে গত শুক্রবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে স্থানীয় সাংসদ (জাতীয় পার্টি) এ কে এম সেলিম ওসমান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে মারধর এবং কান ধরে ওঠবস করানোর ঘটনা ঘটে। গতকাল সোমবার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফারুকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে ওই শিক্ষককে বরখাস্ত করার কথা বলা হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, শিগগিরই বাংলাদেশে স্থায়ী প্রসিকিউশন সার্ভিস আসছে। বাংলাদেশের বাস্তবতায় স্বাধীন প্রসিকিউশন সার্ভিস এবং বর্তমান যে প্রসিকিউশন সার্ভিস আছে, তা সমন্বয় করা হবে। সম্পূর্ণভাবে স্বাধীন প্রসিকিউশন সার্ভিসের কথা বলা হলেও সেটা সম্ভব নয়। কিছুদিনের মধ্যে ৩০ ভাগ প্রসিকিউশন সার্ভিস হবে স্বাধীন প্রসিকিউশন। বাকি ৭০ ভাগ হবে রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত প্রসিকিউশন সার্ভিস। তিনি বলেন, আইন কর্মকর্তাদের (পিপি) বেতন-ভাতা বাড়ানো হবে।
‘দ্য ল অন বেইল’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দেন আইনসচিব শেখ মো. জহিরুল হক, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, জার্মান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি রুশিতা আমেলস, জিআইজেডের কান্ট্রি ডিরেক্টর টবিয়াস বেকার, ঢাকা ল রিপোর্টসের ব্যবস্থাপনা পরিচালক এশরারুল হক চৌধুরী প্রমুখ।
আরও পড়ুন