অন্যায়ের বিচার হবে
• নোবেল শান্তি পুরস্কার বিজয়ী তিন নারী বাংলাদেশে।
• নোবেল বিজয়ী নারীরা রবি ও সোমবার রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন।
• নোবেল বিজয়ীদের দল গতকাল কক্সবাজার থেকে ঢাকায় ফিরেছে।
• আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নোবেল বিজয়ীদের দেখা করার কথা।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্যরেখায় দাঁড়িয়ে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী দুই নারী বললেন, রোহিঙ্গাদের প্রতি যে অন্যায়-অবিচার করা হয়েছে, খুব শিগগির তার বিচার হবে। বিচার পাওয়ার আশা না ছাড়তে রোহিঙ্গাদের প্রতি আহ্বান জানালেন তাঁরা।
গতকাল মঙ্গলবার বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার তমরু সীমান্ত এলাকায় আটকে থাকা রোহিঙ্গাদের দেখতে গিয়ে উত্তর আয়ারল্যান্ডের ম্যারেইড ম্যাগুয়ার এবং ইয়েমেনের তাওয়াক্কল কারমান এই আহ্বান জানান। তাঁরা বলেন, রোহিঙ্গা হিসেবে পরিচয় দিতে তাঁরা যেন গর্ববোধ করেন।
রোহিঙ্গাদের কাছ থেকে সরাসরি ঘটনার বর্ণনা জানার জন্য নোবেল শান্তি পুরস্কার বিজয়ী তিন নারী বাংলাদেশে এসেছেন। ইরানের শিরিন এবাদি অসুস্থ থাকায় গতকাল নাইক্ষ্যংছড়ি যেতে পারেননি বলে আয়োজকেরা জানান।
নোবেল বিজয়ী নারীরা গত রবি ও সোমবার উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন এবং রোহিঙ্গাদের কথা শোনেন। গতকাল তাঁরা গিয়েছিলেন সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা রোহিঙ্গাদের দেখতে।
তমরু সীমান্ত এলাকায় দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশ এবং উপজেলা কর্মকর্তারা জানিয়েছেন, কোনারপাড়া নামের ভূখণ্ডে সাড়ে ৩ হাজার রোহিঙ্গা আটকে আছে। ত্রিভুজ আকৃতির এই ভূখণ্ডের দুই দিকে সরু নালা। পেছনে মিয়ানমার সরকারের দেওয়া কাঁটাতারের বেড়া। ছোট একটি সাঁকো বাংলাদেশ ও ত্রিভুজ আকৃতির ভূখণ্ডকে যুক্ত করেছে।
নোবেল বিজয়ী নারী দল গতকাল সকাল সাড়ে ১০টার দিকে তমরুর কোনারপাড়া এলাকায় পৌঁছায়। তখন সাঁকোর ওপারে কয়েক শ রোহিঙ্গা এসে জড়ো হয়। কয়েকজন নারী ও শিশু সাঁকো পেরিয়ে এপারে চলে আসে।

নোবেল বিজয়ী দুই নারী বাংলাদেশের শেষ সীমানায় দাঁড়িয়ে রোহিঙ্গাদের উদ্দেশে কথা বলেন। শুরুতে তাওয়াক্কল কারমান হাত উঁচু করে বলেন, ‘আমরা আপনাদের প্রতিশ্রুতি দিলাম, যারা আপনাদের প্রতি অন্যায় করেছে তাদের বিচার হবে। মিয়ানমারে আপনাদের সমান নাগরিক অধিকার আছে। আপনারা আশা ছাড়বেন না।’
এরপর নিজের পরিচয় তুলে ধরে কথা বলেন ম্যারেইড ম্যাগুয়ার। তিনি বলেন, ‘পৃথিবীর সব মানুষের পক্ষ থেকে আমরা আপনাদের জন্য শুভেচ্ছা এনেছি। রোহিঙ্গা বলে আপনাদের যেন গর্ব থাকে।’ এরপর তিনি ‘আমরা রোহিঙ্গা, আমরা রোহিঙ্গা’ বলে চিৎকার করেন এবং উপস্থিত রোহিঙ্গাদের তাঁর সঙ্গে সুর মেলাতে অনুরোধ করেন। সাঁকোর ওপারে থাকা রোহিঙ্গারা ‘আমরা রোহিঙ্গা’ বলে তাঁর সঙ্গে চিৎকার করেন।
ম্যারেইড ম্যাগুয়ার বলেন, ‘মিয়ানমার সরকার ও সেনাবাহিনী আপনাদের বিরুদ্ধে গণহত্যা ঘটিয়ে যে অপরাধ করেছে, আন্তর্জাতিক আদালতে তার বিচার করা হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, তিনি যেন মিয়ানমারের নেত্রী অং সান সু চির সঙ্গে কূটনৈতিক তৎপরতা চালিয়ে রোহিঙ্গাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করেন এবং রোহিঙ্গাদের নিরাপদে দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করেন।’
এরপর একটি ছাউনিতে কয়েকজন রোহিঙ্গা নারী ও কিশোরীর সঙ্গে নোবেল বিজয়ী দুজন কথা বলেন। রোহিঙ্গা নারীরা প্রায় আধা ঘণ্টা ধরে নির্যাতনের বর্ণনা দেন। রোহিঙ্গা নারীরা যখন নির্যাতনের বর্ণনা দিচ্ছিলেন, তখন সীমান্তের ওপার থেকে মাইকে ঘোষণা করা হয়, ‘সবাইকে আন্তর্জাতিক সীমারেখা মেনে চলতে অনুরোধ করা হচ্ছে।’
নোবেল বিজয়ীদের দল গতকাল কক্সবাজার থেকে ঢাকায় ফিরেছে। আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার কথা আছে। রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনও করবেন তাঁরা।
শান্তিতে নোবেল বিজয়ী নারীদের একটি উদ্যোগ নোবেল উইমেনস ইনিশিয়েটিভ। কক্সবাজার ও বান্দরবান সফর করা তিনজনই এর সদস্য। মিয়ানমারের অং সান সু চিও এ উদ্যোগের সদস্য। নোবেল উইমেনস ইনিশিয়েটিভের উদ্যোগেই তাঁরা বাংলাদেশ সফর করছেন। নারী সংগঠন নারীপক্ষ এই সফরে সহায়তা করছে।
গত বছরের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন শুরু হলে প্রথম দিকে যেসব রোহিঙ্গা বাংলাদেশে আসার চেষ্টা করেছিল, কোনারপাড়ার রোহিঙ্গারা সে দলেরই। বাংলাদেশ সরকার তাদের প্রবেশের অনুমতি দেয়নি। তখন থেকেই এই রোহিঙ্গারা শূন্যরেখায় আটকে আছে। আগে ছিল ৬ হাজার, এখন তা কমে দাঁড়িয়েছে সাড়ে ৩ হাজারে। এদের বাংলাদেশ থেকে নিয়মিত ত্রাণসামগ্রী দেওয়া হচ্ছে।