অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করা যাবে না: ড. কামাল

বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিক ড. কামাল হোসেন বলেছেন, ‘দেশে মূল্যবোধের ঘাটতি আমরা সবাই অনুভব করছি। কিন্তু বাঙালি জাতি কখনো অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করেনি। অনেক ঝড়-তুফান মোকাবিলা করে আমরা একাত্তরের পর এ পর্যন্ত এসেছি। আগামী দিনগুলোতেও সব অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই করে যেতে হবে। মাথা নত করা যাবে না।’
গতকাল শনিবার ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ড. কামাল এসব কথা বলেন। ৮০তম জন্মদিন উপলক্ষে তাঁকে এ সংবর্ধনা দেয় নটর ডেম কলেজের শিক্ষার্থীদের সংগঠন ক্লাব নটর ডেমিয়ানস। ড. কামাল এই কলেজের ছাত্র ছিলেন।
স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ড. কামাল বলেন, ‘একাত্তরের পর অনেক ঝড়ঝঞ্ঝা পেরিয়ে এখনো আমরা বিশ্বের বুকে স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে আছি। বঙ্গবন্ধুকে হত্যার পর অনেকে ভেবেছিল বাংলাদেশ আবারও পিপলস রিপাবলিক পাকিস্তান হতে চলেছে। কিন্তু তা হয়নি। আমরা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে তাকে হটিয়েছি।’
অনুষ্ঠানে ক্লাব নটর ডেমিয়ানসের সেক্রেটারি সাগর লোহানীর সঞ্চালনায় অনুষ্ঠানে কামাল হোসেনের বর্ণাঢ্য জীবন সম্পর্কে বলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) রেফায়েতউল্লাহ। তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নটর ডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বেঞ্জামিন কস্তা, সংগঠনটির নির্বাহী কমিটির সদস্য ফায়েজুর রহমান খান।