অন্যের আয়ের ওপর নির্ভরশীলতার হার কমছে
জীবনধারণের জন্য অন্যের ওপর নির্ভরশীল মানুষের হার কমছে। বর্তমানে ১০০ জন উপার্জনক্ষম মানুষের ওপর নির্ভর করে ৫২ জন মানুষ। এই আরও কমে আসবে। এটা অর্থনৈতিক উন্নয়নে সহায়ক।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এশীয়-প্রশান্ত মহাসাগর অঞ্চলের মানব উন্নয়ন প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘ভবিষ্যৎ রূপায়ণ : পরিবর্তিত জনসংখ্যা কীভাবে দরিদ্র মানুষের উন্নয়ন করতে পারে’ শীর্ষক এই প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
প্রকাশনা অনুষ্ঠানে জাতিসংঘের সহকারী মহাসচিব হাওলিয়াং জু বলেন, বাংলাদেশের মানুষের গড় আয়ু ও উপার্জন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইউএনডিপির সহায়তায় ইউনিয়ন পর্যায়ে কয়েক হাজার ডিজিটাল সেন্টার স্থাপন অনেক বড় ঘটনা।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান বলেন, জনসংখ্যাতাত্ত্বিক সুবিধা (ডেমোগ্রাফিক ডেভিডেন্ড) খুব অল্প সময়ের জন্য পাওয়া যায়। এই সময়কে কাজে লাগাতে কোন ধরনের অর্থনৈতিক নীতি অনুসরণ করা দরকার তা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন।