অন্যের ঘরে আঁধার তাঁরা জ্বালান হিটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাপ্তাই উপজেলার বিদ্যুৎ বিভাগের প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীর ঘরে দুটি করে অবৈধ হিটার জ্বালানো হচ্ছে। প্রতিটি হিটারে তিন হাজার ওয়াট বিদ্যুৎ খরচ হচ্ছে। আর সাধারণ লোকজন বিদ্যুৎ পাচ্ছে না। গতকাল মঙ্গলবার কাপ্তাই উপজেলার মাসিক উন্নয়ন সমন্বয় সভায় ওই তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাজেরা খাতুন।এ সময় উপজেলা চেয়ারম্যান অংসুই চাইন চৌধুরী, ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম ও মো. দিলদার হোসেন, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই ইউপি চেয়ারম্যান মহির উদ্দিন, রাইখালী ইউপি চেয়ারম্যান অংশি মারমা, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান অংলাচিং মারমা ও কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির সরকার উপস্থিত ছিলেন।উপজেলা চেয়ারম্যান এ প্রতিনিধিকে বলেন, ‘সকাল সাড়ে ১০টার সময় সভায় বসেছি। বিকেল তিনটা পর্যন্ত একবারের জন্যও বিদ্যুতের দেখা পাইনি।’ এ রকম প্রতিদিনই হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কাপ্তাইয়ে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, আর কাপ্তাই উপজেলার লোকজন এভাবে কষ্ট ভোগ করবে, এটা মেনে নেওয়া যায় না। বিষয়টি নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হচ্ছে বলেও তিনি জানান। অবৈধভাবে হিটার জ্বলছে কি না, তা দেখে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি কাপ্তাই থানার ওসিকে অনুরোধ জানান।বিদ্যুৎ বিতরণ বিভাগের আবাসিক প্রকৌশলী (আরই) মোশাররফ হোসাইনের উপস্থিতিতে কাপ্তাই ইউপি চেয়ারম্যান মহির উদ্দিন বলেন, সাধারণ লোকজন বিদ্যুৎ না পেলে কী হবে, বিদ্যুৎ বিভাগে কর্মরত প্রত্যেকের ঘরে দুটি করে হিটার জ্বলছে। এটা বছরের পর বছর ধরে চলে আসছে।মোশাররফ হোসাইন গতকাল প্রায় সারা দিন বিদ্যুৎ না থাকার কথা স্বীকার করেন। সঞ্চালন লাইনে সমস্যার কারণে বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন ঘটছে বলে তিনি জানান। তবে কাপ্তাইয়ে বিদ্যুৎ বিভাগের প্রত্যেক কর্মচারীর ঘরে দুটি করে অবৈধ হিটার জ্বলছে কি না, তা তিনি বলতে পারেননি। বিষয়টি তদন্ত করে দেখবেন বলে তিনি জানান।