অন্যের ঘাড়ে বন্দুক রেখে খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালেদা জিয়াকে বাড়ি ছাড়তে হাইকোর্টের দেওয়া রায়ের বিষয়টি রাজনৈতিক ইস্যু হিসেবে দলের চলমান আন্দোলন কর্মসূচিতে যুক্ত করবে বিএনপি। দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন গতকাল বৃহস্পতিবার বিএনপি আয়োজিত এক স্মরণসভায় এ কথা বলেন। তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, বিএনপিকে নেতৃত্বশূন্য করতে সরকারের নানা কর্মকাণ্ডের সঙ্গে খালেদা জিয়াকে বাড়িছাড়া করার ইস্যুও একই সূত্রে গাঁথা। এটি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। তাই অন্যান্য দাবির সঙ্গে খালেদা জিয়ার বাড়ির বিষয়টি যুক্ত করে বিএনপিকে আন্দোলন করতে হবে। তিনি সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, ‘অন্য কারও ঘাড়ে বন্দুক রেখে খালেদা জিয়াকে বাড়ি ছাড়ানোর সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গেলে বিএনপি ও জনগণ তা মানবে না।’ ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন মোড়ে সংগঠিত হত্যাকাণ্ডে নিহত ব্যক্তিদের স্মরণে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই স্মরণসভার আয়োজন করা হয়। বিএনপি অভিযোগ করে আসছে, আওয়ামী লীগের সন্ত্রাসীরা লগি-বৈঠা দিয়ে এ হত্যাকাণ্ড ঘটায়। গতকালের সভায় বিএনপির নেতারা ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেন। প্রধান অতিথির বক্তব্যে খোন্দকার দেলোয়ার বলেন, ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচকসংক্রান্ত প্রতিবেদন আমি গ্রহণও করি না, আবার প্রত্যাখ্যানও করি না। কেননা, এই সরকারের দুর্নীতির হিসাব কোনো প্রতিবেদন বক্তৃতায় প্রকাশ করা সম্ভব নয়।’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, এত দিন মানুষ ইভ টিজিংয়ের নামই জানত না। এই সরকারের আমলে এটা শুরু হয়েছে। খালেদা জিয়ার বাড়ির প্রসঙ্গে বলেন, এই বাড়ির সঙ্গে রাজনৈতিক উত্থানের ইতিহাস জড়িয়ে আছে। বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার সভাপতিত্বে অনুষ্ঠানে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া ও আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন প্রমুখ বক্তব্য দেন। গণতদন্ত কমিশনের সংবাদ সম্মেলন: সিরাজগঞ্জে খালেদা জিয়ার সমাবেশের পাশে ট্রেনের নিচে পড়ে সাতজন বিএনপির নেতা-কর্মীর মৃত্যুর ঘটনা তদন্তে গঠিত গণতদন্ত কমিশনের সদস্যরা আজ শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করবেন। তাঁরা সেখানে প্রত্যক্ষদর্শীর সঙ্গেও কথা বলবেন। গতকাল বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন কমিশনের প্রধান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহাবুব হোসেন বলেছেন, ওই দিনের ঘটনা সম্পর্কে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন তা রাজনৈতিক। এই বক্তব্য তদন্ত কমিশনের কাজে কোনো প্রভাব ফেলবে না। কমিশন নিরপেক্ষভাবে কাজ করবে। ঘটনার দিন খালেদা জিয়া ঘটনাস্থলের পাশে সমাবেশে বলেন, সরকার সমাবেশ পণ্ড করতে ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটিয়েছে। ওই দিন রাতে নাটোরে আরেক সমাবেশে তিনি ওই ঘটনার জন্য একটি বিশেষ এজেন্সিকে দায়ী করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রশাসন, ট্রেনচালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষ্য দেওয়ার জন্য সিরাজগঞ্জে উপস্থিত থাকতে বলা হয়েছে। সংবাদ সম্মেলনে তদন্ত দলের সদস্য জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি সানাউল্লাহ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।