অন্যের জন্য জীবন দিলেন এক তরুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্যায়ের প্রতিবাদ ও ক্ষতিপূরণ আদায় করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক তরুণ। বগুড়ার ধুনট উপজেলার পূর্বভরনশাহী এলাকায় গত শুক্রবার এ ঘটনা ঘটে।
নিহতের নাম রনি কুমার (৩০)। তিনি টাঙ্গাইল জেলা সদরের মগরা এলাকার মহাদেব কুমারের ছেলে। তিনি কয়েক দিন আগে ধুনটে তাঁর মামার বাড়িতে বেড়াতে আসেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেল তিনটায় সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী বাজার থেকে বালুভর্তি একটি ট্রাক ধুনট উপজেলার দিকে আসছিল। উপজেলার পূর্বভরনশাহী এলাকায় পৌঁছে ট্রাকটি একটি বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে সড়কে পড়ে গিয়ে বাইসাইকেলের আরোহী উপজেলার বেলকুচি গ্রামের সুনীল কুমারের ছেলে রবিন কুমার (১৭) আহত হয়। এ সময় রনি কুমার মোটরসাইকেল নিয়ে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় বিষয়টি দেখতে পান। তিনি এ ঘটনার প্রতিবাদ ও ক্ষতিপূরণ আদায়ের জন্য মোটরসাইকেল দিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। ট্রাকচালক অবস্থা বেগতিক দেখে মোটরসাইকেলকে চাপা দিয়ে দ্রুত চলে যান। এতে রনি আহত হন। স্থানীয় লোকজন তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পাঁচটার দিকে তিনি মারা যান। এ ঘটনায় ধুনট থানায় একটি সাধারণ ডায়েরি করেছে পুলিশ।
রনির মামাত ভাই লিটন কুমার জানান, রনি গত বুধবার তাঁদের বাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার বিকেলে তিনি মোটরমাইকেল নিয়ে ওই এলাকায় ঘুরতে যান। এ সময়ই দুর্ঘটনা ঘটে।
ধুনট থানার এসআই এনায়েত কবীর বলেন, ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের পর গত শুক্রবার সন্ধ্যা সাতটায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।