অন্যের জমি দখল করে আ.লীগের সাইনবোর্ড
পিরোজপুরের নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের কুমারখালীতে এক ব্যক্তির জমি দখল করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয় লেখাসংবলিত সাইনবোর্ড টানিয়েছেন কর্মীরা।জমির মালিক আকরাম আলীর অভিযোগ, ওই এলাকায় তাঁর মালিকানাধীন ১৩ শতক জমিতে কয়েক দিন আগে মাহাবুব মোল্লা ওরফে কুদ্দুস তাঁর দলবল নিয়ে আওয়ামী লীগের সাইনবোর্ড টানিয়ে দেন। এ বিষয়টি তিনি উপজেলা আওয়ামী লীগের নেতাদের জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, কুদ্দুস সন্ত্রাসী হওয়ায় তাঁর কাছে স্থানীয় লোকজন জিম্মি। তাই এ ব্যাপারে কেউই মুখ খুলতে সাহস পাচ্ছে না।নিজেকে কুমারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি দাবি করে কুদ্দুস বলেন, আকরামের জমিতে কেউ সাইনবোর্ড টানায়নি। জমি বিদ্যালয়ের। তিনি আরও বলেন, ‘মানুষের বিপদে-আপদে আমি সাহায্যের হাত বাড়িয়ে দিই, কেউ আমার কাছে জিম্মি নয়।’উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন খান জানান, কুদ্দুস কুমারখালী ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। ওই এলাকায় আওয়ামী লীগের একটি কার্যালয় ছিল। সেটি ভেঙে যাওয়ার পর অতি উৎসাহী দলীয় কর্মীরা সাইনবোর্ড এনে রাস্তার পাশে বসিয়েছেন।