অন্যের জমি দখল করে যুবলীগ নেতার ঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম বেজহার গ্রামে ক্ষমতার দাপট দেখিয়ে অন্যের জমিতে ঘর নির্মাণ করছেন যুবলীগের নেতা মো. কামাল সরদার। পুলিশের বাধা উপেক্ষা করে তিনি নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন।কামাল সরদার উপজেলার মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি ওই জমি নিজের দাবি করে টিনের ঘর নির্মাণ করছেন। এ ঘটনা তিনি স্বীকার করেছেন।স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শী এবং মাহিলাড়া ইউনিয়ন ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার জেএল ১৪৯ পশ্চিম বেজহার মৌজার ৭১ নম্বর খতিয়ানের এসএ ১৯৬ নম্বর দাগের ২৫ শতাংশ জমির মালিক করিম সিকদার ও তাঁর ছেলে ব্রুনাইপ্রবাসী আবদুল সালেক সিকদার। ১৯৬৭ সালে তাঁরা ওই জমি কেনেন।মাহিলাড়া ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা মফিজুর রহমান জানান, এ জমির মালিক করিম সিকদার ও তাঁর ছেলে সালেক সিকদার।সালেক সিকদারের স্ত্রী বেবী বেগম অভিযোগ করেন, কিছুদিন আগে ওই সম্পত্তি কেনার জন্য কামাল সরদার তাঁর কাছে প্রস্তাব দেন। এতে রাজি না হলে জমি দখল করে নেওয়া হবে বলে কামাল তাঁকে হুমকি দেন।বেবী বেগম জানান, গত ৬ জানুয়ারি সকালে কামাল সরদার ১০-১৫ জন সহযোগী নিয়ে ওই জমিতে থাকা ৩৫টি গাছ কাটেন এবং জমি দখল করেন। ৮ জানুয়ারি তিনি এ বিষয়ে বরিশাল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। পরে আদালতের নির্দেশে গৌরনদী থানার ওসি সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. বাবুল হোসেনকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেয়।১৩ ফেব্রুয়ারি ওসি বিবাদীদের করিম ও সালেকদের জমিতে অনুপ্রবেশ ও কোনো স্থাপনা নির্মাণ না করার বিষয়ে নোটিশ দেয়।করিম সিকদার জানান, নোটিশ পাওয়ার পর কামাল প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে ২৫ ফেব্রুয়ারি ২০-২৫ জন সহযোগী নিয়ে ঘরের নির্মাণকাজ শুরু করেন। পরের দিন সকালে পুলিশ এসে নির্মাণকাজ বন্ধ করে দেয়। পুলিশ চলে যাওয়ার পর কামাল লোকজন নিয়ে আবার কাজ শুরু করেন।যুবলীগের নেতা মো. কামাল সরদার নোটিশপ্রাপ্তির কথা স্বীকার করে বলেন, ‘আমরা আমাদের জমিতে বৈধ মালিক হিসেবে ঘর তুলছি। নোটিশে আমার কিছু আসে-যায় না।’ জমির দলিল দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি।গৌরনদী থানার ওসি আবুল কালাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়ে ফিরে আসতে-না-আসতেই আবার কাজ শুরু করেন। এ ব্যাপারে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে।