অন্যের জমিতে উঠছে আ.লীগ নেতার বাড়ি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে কালারপাড়া ইউনিয়ন যুবলীগের নেতা হারেজ উদ্দীন এক পরিবারের ২১ শতক জমি প্রতারণার মাধ্যমে দখল করে সেখানে বাড়ি নির্মাণের উদ্যোগ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ওই স্থানে বাড়ি করার ওপর আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা থাকলেও তা অমান্য করেই কাজ চালিয়ে যাচ্ছেন ওই নেতা।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, কালারপাড়া ইউনিয়নের হাঁসখালী গ্রামের হিরালাল সরকারের ছেলে স্কুলশিক্ষক (অবসরপ্রাপ্ত) ধীরেন্দ্র সরকারের ঈশ্বরঘাট মৌজায় ২১ শতক জমি ছিল। এ জমি ধীরেন্দ্র সরকারের ভোগদখলে থাকা অবস্থাতেই সবার অগোচরে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক হারেজ উদ্দীন ওই শিক্ষকের ভাতিজা লিটন সরকারের কাছ থেকে গোপনে কমিশন দলিল করে কিনে নেন। ধীরেন্দ্র সরকারকে অসুস্থ দেখিয়ে বছর খানেক আগে এ দলিল করা হয়। এরপর ২০১৩ সালের নভেম্বরে ওই জমির দখল নেন যুবলীগ নেতা। এ অবস্থায় ধীরেন্দ্র সরকার গত ১ জানুয়ারি আদালতে হারেজ উদ্দীনের বিরুদ্ধে মামলা করেন। ৪ ফেব্রুয়ারি আদালত ওই জমিতে বাড়ি নির্মাণের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু তিন দিন ধরে বাড়ির কাজ শুরু করেছেন যুবলীগের ওই নেতা।
শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, ওই জমিতে ইট, সিমেন্ট ও রড স্তূপ করা হয়েছে।
ঈশ্বরঘাট গ্রামের শাহা আলম বলেন, তিনি ধীরেন্দ্র সরকারের কাছ থেকে ওই জমি বর্গা নিয়ে দীর্ঘদিন ধরেই চাষাবাদ করছেন। হঠাৎ করে হারেজ উদ্দীন এসে সেখানে পাকা বাড়ি বানানো শুরু করেন। শাহা আলম আরও জানান, তিনি শুনেছেন ধীরেন্দ্র সরকারের ভাতিজা লিটন নাকি জমিটা হারেজের কাছে বিক্রি করেছেন। কিন্তু লিটন নিজেই অনেক দিন ধরে এলাকায় নেই।
ধীরেন্দ্র সরকার বলেন, ‘আমার ভাতিজা তো অনেক আগেই তার পরিবার নিয়ে এখান থেকে চলে গেছে। সে কীভাবে আমার জমি দলিল করে দেয় বুঝতে পারছি না। হারেজ উদ্দীন এসে জমির দখল নেওয়ার পর বিষয়টা জানতে পারি। উপায় না দেখে আদালতের আশ্রয় নিয়েছি।’ ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী বলেন, ‘লিটন সরকারের কাছ থেকে যুবলীগ নেতা হারেজের জমি কেনা ও সেখানে বাড়ি করার কথা আমি কিছুটা শুনেছি।’
এ প্রসঙ্গে যুবলীগ নেতা হারেজ উদ্দীন বলেন, ‘আমি লিটনের কাছ থেকে ন্যায্যমূল্যে জমিটি কিনেছি।’
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) এনায়েত কবীর বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী গত শুক্রবার সন্ধ্যায় হারেজের বাড়ির নির্মাণকাজ বন্ধ রাখতে বলা হয়েছে। কাজ বন্ধ না করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।