অন্যের জমিতে নালা কাটলেন চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর বিরুদ্ধে অন্যের জমিতে জোর করে নালা কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত সোমবার ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ও গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
মাহিলাড়া ইউনিয়নের বিল্লগ্রাম গ্রামের সোহেল সরদার ও মো. শাহজাহান বলেন, সম্প্রতি ইউপির চেয়ারম্যান সৈকত গুহ নিজ বাড়ির জলাবদ্ধতা ও পয়োনিষ্কাশনের জন্য তাঁদের জমির ওপর দিয়ে নালা কাটা শুরু করেন। এ বিষয়ে তাঁরা ইউএনও কার্যালয়ে অভিযোগ দেন। তখন ইউএনও ওই কাজ বন্ধ রাখতে বলেন। কিন্তু গত রোববার রাত সাড়ে আটটার দিকে চেয়ারম্যান ও তাঁর লোকজন খননযন্ত্র দিয়ে নালা কাটা শুরু করেন। খবর পেয়ে জমির মালিকেরা রাত সোয়া নয়টার দিকে ঘটনাস্থলে যান। তাঁরা চেয়ারম্যানকে কাজ বন্ধ করতে বলেন। কিন্তু চেয়ারম্যান তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং পাঁচজনকে মারধর করেন।
মাহিলাড়া ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. ওয়াজেদ আলী ব্যাপারী (৭০) অভিযোগ করেন, ‘চেয়ারম্যান জোর করে আমাদের পৈতৃক সম্পত্তি ও বাগান নষ্ট করে গাছপালা কেটে রাতে নালা কাটছিলেন। বাধা দেওয়ায় তিনি আমাকে লাঞ্ছিত করেছেন। এমনকি আমাদের পারিবারিক গোরস্থান ভেঙে ফেলেছেন।’
এ ওয়ার্ডের আরেক সাবেক সদস্য মো. ফারুক হোসেন (৫৫) বলেন, ‘চেয়ারম্যান পিকলু তাঁর সন্ত্রাসী বাহিনী নিয়ে রাতে আমার মেহগনিবাগানসহ ফলদ গাছ নষ্ট করে নালা কেটেছেন। বাধা দেওয়ায় আমাকে গলাধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। আমার বাগানের দুই শতাধিক ফলদ ও বনজ গাছ কেটে ফেলা হয়েছে।’
এ ঘটনায় সোমবার ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ভারপ্রাপ্ত ইউএনও মো. শরীফ আহম্মেদ ও গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবিরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
এ সম্পর্কে জানতে গতকাল মঙ্গলবার চেয়ারম্যান সৈকত গুহর মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।
শরীফ আহম্মেদ বলেন, অভিযোগ পাওয়ার পরে পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।