নৌপথে পণ্য পরিবহন নিয়ে সমুদ্র পরিবহন অধিদপ্তরের নতুন নীতিমালা
অন্যের জাহাজে অর্ধেক পণ্য পরিবহনে বাধ্যবাধকতা
চট্টগ্রাম বন্দর থেকে গুদামে নদীপথে নিজেদের ছোট জাহাজে পণ্য পরিবহন করছে মেঘনা, সিটি, আবুল খায়েরসহ বড় শিল্পগোষ্ঠীগুলো। এই সুযোগ আর বেশিদিন থাকছে না। এর পরিবর্তে দ্বিগুণ ভাড়া দিয়ে আমদানি পণ্যের অন্তত ৫০ শতাংশ বাধ্যতামূলকভাবে নৌ খাতের দুটি সংগঠনের আওতাভুক্ত জাহাজে পরিবহন করতে হবে।
সমুদ্র পরিবহন অধিদপ্তর এমন বাধ্যবাধকতা রেখে একটি নীতিমালা তৈরি করে নৌপরিবহন মন্ত্রণালয়ে জমা দিয়েছে। গত ২০ এপ্রিল বন্দর ভবনে নৌমন্ত্রী শাজাহান খানের উপস্থিতিতে এক বৈঠকে এই নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত হয়। সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর জোবায়ের আহমেদকে আহ্বায়ক করে গঠিত ১২ সদস্যের একটি কমিটি এই নীতিমালা প্রণয়ন করে।
‘সমুদ্র পরিবহন অধিদপ্তরের নিবন্ধিত লাইটার জাহাজযোগে বাংলাদেশের সমুদ্রবন্দরসমূহে পণ্য পরিবহন নীতিমালার’ ১২(৯) অনুচ্ছেদে বলা হয়েছে, সিমেন্ট কারখানার মালিকদের আমদানি করা ক্লিংকার এবং অন্যান্য পণ্যের ন্যূনতম ৫০ শতাংশ ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নিয়ন্ত্রণাধীন ব্যক্তিমালিকানাধীন জাহাজে পরিবহন করতে হবে। এক কারখানার জাহাজ অন্য কারখানার জন্য ভাড়া নিতে হলে ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নির্ধারিত ভাড়ায় পণ্য পরিবহনের চুক্তি করতে হবে।
জানতে চাইলে নীতিমালা প্রণয়ন কমিটির আহ্বায়ক কমোডর জোবায়ের আহমেদ গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, কারখানার বিপরীতে কোনো জাহাজ নিবন্ধন দেওয়া হয়নি, ব্যক্তিমালিকানায় দেওয়া হয়েছে। এ কারণে ব্যক্তিমালিকানাধীন জাহাজ পরিচালনার বিধিবিধান মানতে হবে। তবে ওয়াটার ট্রান্সপোর্ট সেল যাতে এই খাতকে জিম্মি করতে না পারে, সে জন্য একটি তদারকি কমিটি গঠনের কথা বলা আছে নীতিমালায়। আর ৫০ শতাংশ পণ্য পরিবহনের বিষয়টি দুই পক্ষের সমঝোতা অনুযায়ী কম-বেশিও হতে পারে।
আমদানিকারকেরা বলছেন, নিজস্ব জাহাজে বন্দর থেকে নারায়ণগঞ্জে টনপ্রতি পণ্য পরিবহনের খরচ ২০০-২৫০ টাকা। ওয়াটার ট্রান্সপোর্ট সেল থেকে জাহাজ ভাড়া নিলে পরিশোধ করতে হয় ৫০৩ টাকা।
জানতে চাইলে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, নীতিমালা প্রণয়নের সময় কোনো চেম্বারের প্রতিনিধি রাখা হয়নি। এই নীতিমালা কাঁচামাল ও পণ্য সরবরাহব্যবস্থাকে বিপদের মুখে ফেলে দেবে।
নতুন নীতিমালায় ‘বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন’ এবং ‘কোস্টালশিপ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ নামে জাহাজ মালিকদের দুটি সংগঠনের প্রশংসা এবং অবদানের কথা সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এই দুটি সংস্থার জাহাজ ‘ওয়াটার ট্রান্সপোর্ট সেল’ থেকে পরিচালিত হয়। অন্যদিকে শিল্পগ্রুপের মালিকেরা পণ্য খালাসে নিজস্ব স্টিভিডোরিং ও সিঅ্যান্ডএফ এজেন্ট এবং নিজস্ব জাহাজে পণ্য পরিবহনকে ‘একচেটিয়া’ আচরণ হিসেবে তুলে ধরেছেন।
নীতিমালার নেপথ্যে: নৌ খাতের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নিয়ন্ত্রণাধীন লাইটার জাহাজে নামে-বেনামে বিনিয়োগ আছে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিসহ প্রভাবশালী ব্যক্তিদের। নৌপথে পণ্য পরিবহন লাভজনক হওয়ায় এই সংস্থার অধীন জাহাজের সংখ্যাও বাড়তে থাকে দ্রুত। তিন বছরে জাহাজের সংখ্যা দ্বিগুণ বেড়ে হয়েছে এক হাজার ১৫০। কিন্তু এসব জাহাজে পণ্য পরিবহন ভাড়া দফায় দফায় বৃৃদ্ধি এবং সময়মতো জাহাজ বরাদ্দ না পাওয়ায় অনেকেই নিজেদের পণ্য পরিবহনের জন্য জাহাজ কিনতে শুরু করেন। এ রকম জাহাজের সংখ্যা এখন ১৭৫টি।
শিল্পমালিকদের জাহাজের সংখ্যা বাড়তে থাকায় ব্যক্তিমালিকানাধীন জাহাজের ব্যবসায় ধস নামে। বাড়তি মজুরি পরিশোধের দাবিতে গত এপ্রিল মাসের প্রথম সপ্তাহে শ্রমিকেরা কর্মবিরতি করে। একপর্যায়ে বন্দর দিয়ে আমদানি পণ্যের পুরোটাই ওয়াটার ট্রান্সপোর্ট সেলের আওতাধীন জাহাজে পরিবহনের জন্য চাপ দিতে ব্যক্তিমালিকানাধীন জাহাজের মালিকেরাও অঘোষিত কর্মবিরতি শুরু করেন। এই জাহাজমালিকদের সুরক্ষা দিতেই নতুন নীতিমালা তৈরির সিদ্ধান্ত হয়।