অন্যের জাহাজে পণ্য পরিবহনে বাধ্যবাধকতা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের জাহাজ থাকার পরও অন্যের জাহাজে পণ্য পরিবহনে বাধ্যবাধকতা রেখে প্রণীত নীতিমালা জারি করেছে সমুদ্র পরিবহন অধিদপ্তর। গত সপ্তাহে সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর জোবায়ের আহমদ এক বিজ্ঞপ্তিতে এই নীতিমালা জারি করেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৮ জুলাই থেকে এই নীতিমালা কার্যকর হয়েছে। নীতিমালার শিরোনাম দেওয়া হয়েছে ‘সমুদ্র পরিবহন অধিদপ্তরে অধিভুক্ত লাইটার জাহাজযোগে বাংলাদেশের সমুদ্রবন্দরসমূহে পণ্য পরিবহন নীতিমালা, ২০১৩’।
প্রকাশিত নীতিমালার ৫(৯) অনুচ্ছেদ অনুযায়ী, যেসব শিল্পপ্রতিষ্ঠানের নিজস্ব জাহাজ আছে, তাদের আমদানি করা পণ্যের ৫০ শতাংশ পরিবহন করতে হবে ওয়াটার ট্রান্সপোর্ট সেল নিয়ন্ত্রিত জাহাজে। এই সেল থেকে জাহাজ ভাড়া নিলে চট্টগ্রাম বন্দর থেকে নারায়ণগঞ্জে প্রতি টন পণ্যে খরচ হয় ৫০৩ টাকা। একই পথে শিল্পপ্রতিষ্ঠানের নিজস্ব জাহাজে পণ্য পরিবহনে খরচ হয় ২৫০ টাকা। অর্থাৎ নীতিমালার কারণে টনপ্রতি পণ্য পরিবহনে শিল্পপ্রতিষ্ঠানের বাড়তি ২৫৩ টাকা খরচ হবে জানা গেছে। যেসব শিল্প গ্রুপের নিজস্ব জাহাজ আছে, তারাই শিল্পের কাঁচামাল ও নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের সিংহভাগ আমদানি করে চট্টগ্রাম বন্দর দিয়ে। এ কারণে এই নীতিমালার কারণে শিল্পের কাঁচামাল ও ভোগ্যপণ্য পরিবহনে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন শিল্পপ্রতিষ্ঠানের মালিকেরা।
প্রিমিয়ার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক প্রথম আলোকে বলেন, ‘এই নীতিমালা প্রতিযোগিতা আইনের সঙ্গে সাংঘর্ষিক। একটি গোষ্ঠীকে ব্যবসায়িক সুবিধা দিতে এই নীতিমালা প্রকাশ করা হয়েছে। এতে বাণিজ্যিকভাবে সবাই ক্ষতিগ্রস্ত হবে। পরিবহন খরচ বাড়ায় ভোগ্যপণ্যসহ শিল্পপণ্যের দাম বাড়বে।’ তবে সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর জোবায়ের আহমদ প্রথম আলোকে বলেন, ওয়াটার ট্রান্সপোর্ট সেল যাতে নৌ খাতকে জিম্মি না করতে পারে, সে জন্য একটি তদারকি কমিটি গঠন করা হবে।