অন্যের টাকায় নির্বাচন
চুয়াডাঙ্গার তিনটি পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ১৩ প্রার্থীর সাতজনই অন্যের টাকায় নির্বাচন করবেন। রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হলফনামায় প্রার্থীরা এসব তথ্য দিয়েছেন।আত্মীয়স্বজনের টাকায় ভোটযুদ্ধে লড়বেন আলমডাঙ্গায় সবেদ আলী, মীর মহিউদ্দিন, আমিনুল ইসলাম মিয়া, আমেনা বেগম; দর্শনা পৌরসভার মতিয়ার রহমান ও মহিদুল ইসলাম এবং জীবননগর পৌরসভার জাহাঙ্গীর আলম। আলমডাঙ্গার মীর মহিউদ্দিন নির্বাচনী ব্যয় রেখেছেন দুই লাখ টাকা। এর মধ্যে নিজের ব্যবসা থেকে এক লাখ ৫০ হাজার ও শ্বশুরের কাছ থেকে পাওয়া ৫০ হাজার টাকা নিয়েছেন। একই পৌরসভার আমেনা বেগম জামাতা মশিউর রহমানের কাছ থেকে নিয়েছেন ৩০ হাজার টাকা। এ ছাড়া বাড়িভাড়া, স্বামী ও সন্তানদের চাকরির আয় এবং পশুপালন খাত থেকে আরও এক লাখ ৪০ হাজার টাকা নিয়ে তিনি খরচ করছেন। মো. সবেদ আলী নির্বাচনী ব্যয় রেখেছেন এক লাখ ২০ হাজার টাকা। নিজের ব্যবসা থেকে ৮০ হাজার এবং আত্মীয়স্বজনের কাছ থেকে বাকি ৪০ হাজার টাকা নিয়েছেন তিনি। তবে হলফনামায় আত্মীয়ের পরিচয় তিনি প্রকাশ করেননি। আমিনুল ইসলাম নির্বাচনী ব্যয় রেখেছেন ৭০ হাজার টাকা। যার মধ্যে নিজের ব্যবসা থেকে ৩০ হাজার এবং শ্বশুর ইন্তাজ আলীর কাছ থেকে ২০ হাজার ও ভায়রা নিজাম উদ্দিনের কাছ থেকে ২০ হাজার টাকা নিয়েছেন। দর্শনার মতিয়ার রহমান নির্বাচনী ব্যয় রেখেছেন এক লাখ ৮০ হাজার টাকা। এর মধ্যে নিজের ব্যবসা থেকে ৮০ হাজার এবং ভাই আতিয়ার রহমানের কাছ থেকে পেয়েছেন এক লাখ টাকা। মহিদুল ইসলাম দু্ই লাখ ১০ হাজার টাকা নির্বাচনী ব্যয় রেখেছেন। এর মধ্যে মাত্র ৪০ হাজার টাকা নিজের তহবিল থেকে। বাকি এক লাখ ৭০ হাজার টাকা দিয়েছেন ভাই মাহাবুবুল, মেয়ে রাণী, ভাতিজা সোহেল, শ্যামল ও ভাইঝি শিল্পীর কাছ থেকে। জীবননগর পৌরসভায় প্রতিদ্বন্দ্বী পাঁচ মেয়র প্রার্থীর মধ্যে জাহাঙ্গীর আলম অন্যের সহযোগিতায় ভোটের খরচ মেটাচ্ছেন। তিনি নির্বাচনী ব্যয় রেখেছেন এক লাখ ৮০ হাজার টাকা। এর মধ্যে নিজের ব্যবসা থেকে ৮০ হাজার এবং ভাই হাবিবুর রমহানের কাছ থেকে এক লাখ টাকা পেয়েছেন।