অন্যের তরে জীবন বিলীন!
বিক্ষোভ যখন সহিংসতায় রূপ নেওয়ার অবস্থা, তখন মনোয়ার হোসেন (২৬) সাধারণ মানুষজনকে নিরাপদে সরাতে ব্যস্ত ছিলেন। এর একপর্যায়ে গুলিবিদ্ধ হন তিনি। সহকর্মীরা হাসপাতালে নেওয়ার পথে মনোয়ার মারা যান। নিহত মনোয়ারের বাড়ি বিশ্বনাথের রাজনগর গ্রামে। প্রায় দুই বছর আগে তিনি সৌদি আরব থেকে দেশে ফেরেন। সেখানে পাঁচ বছর ছিলেন। দেশে ফিরে মনোয়ার রাজনীতিতে সক্রিয় হন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভ মিছিল এসেছিল বিশ্বনাথের দুটি সড়ক থেকে। এর মধ্যে রাজনগর সড়কে ছিল দুই সহস্রাধিক মানুষ। মনোয়ার সেই মিছিলে ছিলেন। যুক্তরাজ্যপ্রবাসী কামাল নূর বলেন, ‘বিক্ষোভস্থল থেকে আমাকেসহ সাধারণ মানুষকে সরিয়ে দেওয়ার দুই মিনিটের মধ্যে মনোয়ার গুলিবিদ্ধ হন।মনোয়ার তিন ভাইবোনের মধ্যে তৃতীয়। মনোয়ারের মারা যাওয়ার খবরে ভাই দিলোয়ার বিলাপ করছিলেন। দিলোয়ার জানান, মনোয়ার ইলিয়াস আলীর একজন ভক্ত হিসেবে রাজনীতিতে জড়িয়ে পড়েন স্কুলজীবন থেকে। বিকেলে মনোয়ারের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর মা রেনু বেগম বাকরুদ্ধ। তাঁর বড় ছেলে আনা মিয়া ১৫ দিন আগে হঠাৎ মারা যান। দুই সপ্তাহ পর আরেক ছেলের মৃত্যু তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না।