অন্যের ধর্মকে সম্মান না জানালে সমাজে সহিংসতা বৃদ্ধি পাবে

গতকাল বৃহস্পতিবার সাতক্ষীরায় কমিউনিটি রেডিও নলতায় ‘মিথ্যা, গুজব, অপপ্রচার বন্ধে ইন্টারনেট ব্যবহারকারীদের ভূমিকা’ শীর্ষক ওই অনুষ্ঠান প্রচার করা হয়
ছবি: সংগৃহীত

মিথ্যা, গুজব ও অপপ্রচার বন্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতন হওয়ার পাশাপাশি দায়িত্বশীল আচরণ করার বিষয়টি উঠে এসেছে আর্টিকেল নাইনটিন আয়োজিত এক অনুষ্ঠানে। জনসচেতনতামূলক এ অনুষ্ঠানে আলোচকেরা বলেছেন, নিজের ধর্মের পাশাপাশি অন্যের ধর্মকে সম্মান না জানালে সমাজে সাম্প্রদায়িক সহিংসতা বৃদ্ধি পাবে। গতকাল বৃহস্পতিবার সাতক্ষীরায় কমিউনিটি রেডিও নলতায় ‘মিথ্যা, গুজব, অপপ্রচার বন্ধে ইন্টারনেট ব্যবহারকারীদের ভূমিকা’ শীর্ষক ওই অনুষ্ঠান প্রচার করা হয়।

আলোচনায় আর্টিকেল নাইনটিনের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল বলেন, সমাজে একে অন্যের প্রতি সহনশীলতা ও সম্মানবোধ কমে যাচ্ছে। নিজের ধর্ম সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা এবং অন্যের ধর্মকে সম্মান করার চর্চা বাড়াতে হবে। এটি করা না গেলে সমাজে সাম্প্রদায়িক সহিংসতা বৃদ্ধি পাবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো কিছু লেখা, লাইক, কমেন্ট ও শেয়ার করার আগে ওই বিষয়ের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি বলে উল্লেখ করেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলাম। তিনি বলেন, সাইবার ক্রাইম মেয়েদের ক্ষেত্রে বেশি হচ্ছে। বিশেষ করে নারী সাংবাদিকেরা অনেক বেশি সাইবার ক্রাইমের শিকার হচ্ছেন।

আলোচনায় আরও অংশ নেন সাতক্ষীরার কালীগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক কনিকা সরকার, সংস্কৃতিকর্মী ইলা দেবী মল্লিক, স্থানীয় বেসরকারি সংস্থা পদ্মলোকে কেন্দ্রের সভানেত্রী জ্যোৎস্না দত্ত, আর্টিকেল নাইনটিনের প্রোগ্রাম অ্যাসোসিয়েট সাবরীনা মমতাজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেডিও নলতার সহকারী স্টেশন ম্যানেজার মামুন হোসেন। বিজ্ঞপ্তি