অন্যের পরীক্ষা দিতে এসে কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রংপুরের কারমাইকেল কলেজের দুই শিক্ষার্থী গতকাল শনিবার লালমনিরহাটে আটক হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

আটক দুজন হলেন সাব্বিউর রহমান (২৫) ও মশিউর রহমান (২১)। সাব্বিউরের বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলার পূর্বকাচু গ্রামে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। মশিউরের বাড়ি রংপুরের কোতোয়ালি থানার মহেশখালী গ্রামে। তিনি কারমাইকেল কলেজে হিসাববিজ্ঞান স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স দ্বিতীয় বর্ষের (বিশেষ) শিক্ষার্থীদের গতকাল ইংরেজি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষা ছিল। লালমনিরহাট মজিদা খাতুন সরকারি মহিলা কলেজকেন্দ্রে পরীক্ষা চলাকালে সাব্বিউর ও মশিউরের বিষয়ে পরীক্ষকদের সন্দেহ হয়। পরে যাচাই করে দেখা যায়, তঁারা যথাক্রমে লালমনিরহাট সরকারি কলেজের দর্শন (সম্মান) দ্বিতীয় বর্ষের হামিদুল ইসলাম ও রাষ্ট্রবিজ্ঞান (সম্মান) দ্বিতীয় বর্ষের পবিত্র কুমারের পরিবর্তে পরীক্ষা দিচ্ছিলেন।

মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক জাকির হোসাইন বলেন, ওই দুজন টাকার বিনিময়ে পরীক্ষা দিতে আসার কথা​ স্বীকার করেছেন। কলেজের অধ্যক্ষ শামীম আরা বেগম বলেন, দুজনকে সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত তাঁদের এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন।