অন্যের পরীক্ষা দেওয়ার দায়ে চারজনের দণ্ড
গাইবান্ধায় অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার দায়ে গত শুক্রবার শিক্ষকসহ চারজনকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সরকারি নিয়োগ ও কলেজের ভর্তি পরীক্ষা দেওয়ার সময় তাঁদের এই শাস্তি দেওয়া হয়।
কারাদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন গাইবান্ধা সদর উপজেলার খোলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও একই উপজেলার রাধাকৃষ্ণপুর গ্রামের বিকাশ চন্দ্র বর্মন (২৬), রংপুরের তারাগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের সুজন মিয়া (২৬), গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তৌফিক রেজা (২৫) এবং সুন্দরগঞ্জ উপজেলার আলমগীর হোসেন (২৮)।
গাইবান্ধা সদর থানা সূত্রে জানা গেছে, গতকাল গাইবান্ধা সরকারি কলেজ কেন্দ্রে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় নূরে আলম নামের এক শিক্ষার্থীর পরীক্ষা দিতে যান বিকাশ চন্দ্র। এ সময় দায়িত্বরত নির্বাহী হাকিম রাফিউল আলম তাঁর প্রবেশপত্র যাচাই করে তাঁকে ভুয়া হিসেবে শনাক্ত করেন। পরে তাঁকে সাজা দেওয়া হয়।
সদর থানা সূত্রে আরও জানা গেছে, পরিবার পরিকল্পনা কল্যাণ সহকারীসহ বিভিন্ন পদে লোক নিয়োগ পরীক্ষায় গতকাল গাইবান্ধা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে সুজন মিয়া, তৌফিক রেজা ও আলমগীর হোসেন অন্য প্রার্থীর হয়ে পরীক্ষা দিচ্ছিলেন। তাঁদের প্রবেশপত্র যাচাই করে ভুয়া হিসেবে চিহ্নিত করার পর নির্বাহী হাকিম নাজমুল হক, রাফিউল আলম ও সাজেবুর রহমান এই সাজা দেন।