অন্যের পাশে দাঁড়ানো মানুষটির পরিবারই এখন অসহায়

অন্যের জন্য লড়াই করতেন তিনি। দলমত-নির্বিশেষে যে কারও যেকোনো সমস্যায় পাশে গিয়ে দাঁড়াতেন। ধার করে হলেও পাড়াপড়শিকে সহযোগিতা করতেন। সেই মানুষকে দলীয় দুই নেতার কোন্দলের বলি হয়ে জীবন দিতে হলো। আজ তাঁর পরিবারই অসহায়।
তিনি সাতক্ষীরা জেলা মত্স্যজীবী দলের সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান (৪৫)। গতকাল সাতক্ষীরা শহরে জেলা বিএনপির কর্মী সম্মেলনে প্রতিপক্ষের হামলায় নিহত হন এই নেতা।
আমানউল্লাহ আমানের চাচাতো ভাই জামিল রেজা সিদ্দিকের দেওয়া তথ্যমতে, আমানউল্লাহ আমান ১৯৮৮ সালে ছাত্রদলে নাম লেখান। ১৯৯২ সালে তিনি ছাত্রদল থেকে সাতক্ষীরা সরকারি কলেজের ভিপি নির্বাচিত হন। এ সময় থেকে তিনি জড়িয়ে পড়েন সামাজিক কাজেও। দলে প্রভাবশালী হলেও কোনো আধিপত্য বিস্তারের জোয়ারে তিনি গা ভাসাননি। রাজনীতি করতে গিয়ে পৈতৃক সূত্রে পাওয়া তিন বিঘা জমির প্রায় সবটুকুই বিক্রি করে দিয়েছেন।
আমানের একমাত্র মেয়ে নিসান তাসরিন (১১) ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। তাঁর স্ত্রী একটি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করেন। পরিবারে বৃদ্ধ মা ছাড়াও রয়েছে ছোট ভাই। আমান চিংড়ি চাষ করতেন। অন্যের ১০ বিঘা জমি ইজারা নিয়ে ছোট চিংড়ি ঘের করেছেন।
আমানের স্ত্রী হোসনে আরা শিরিন শোকে কথা বলতে পারছিলেন না, মেয়েকে জড়িয়ে ধরে উদাস দৃষ্টিতে তাকিয়ে ছিলেন। সামনের দিনগুলো কীভাবে চলবে, তা নিয়ে বিলাপ করছিলেন। পরিবার ও সন্তানের কী হবে, প্রশ্ন করছিলেন বারবার।
নাম প্রকাশ না করার শর্তে আমানের একজন ঘনিষ্ঠ স্বজনের ভাষ্য, সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি হাবিবুল ইসলাম হাবিব ও সাধারণ সম্পাদক সৈয়দ ইফতেখার আলীর মধ্যে বিরোধ দীর্ঘদিনের। এ নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে একাধিকবার। দুপক্ষ দলীয় কর্মসূচি পালন করে পৃথকভাবে। এসব বিষয় কেন্দ্রকে জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সর্বশেষ গত ২৯ আগস্ট সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি কেন্দ্র থেকে ঘোষণা করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, দলের পরীক্ষিত ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে এ কমিটি করার অভিযোগে ইফতেখারের পক্ষ মিছিল, সভা ও সমাবেশ করতে থাকে। তারা কমিটি বাতিলের দাবি জানিয়ে আসছিল। হাবিবের পক্ষ কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল করেছে সাতক্ষীরা শহরে। এ অবস্থায় গতকাল শুক্রবার জেলা বিএনপির কর্মী সম্মেলন ডাকা হয়।
আমানউল্লাহ আমান ছিলেন ইফতেখারের পক্ষে। দলে তাঁর ভাবমূর্তি উজ্জ্বল ছিল। গতকাল কর্মী সম্মেলন চলাকালে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলমের সামনে তাঁকে হাবিবের পক্ষের নেতা-কর্মীরা পিটিয়ে হত্যা করেন।
নাম প্রকাশ না করার শর্তে আমানের ঘনিষ্ঠ ওই ব্যক্তি আক্ষেপ করে বলেন, দুই নেতার বিরোধে জীবন গেল আমানের। কয়েক দিন পর কেউ আর তাঁকে বা তাঁর পরিবারকে মনে রাখবে না। পিতৃস্নেহ থেকে বঞ্চিত হবে তাঁর সন্তান, বেড়ে উঠবে অনাদর আর অসচ্ছলতায়।