অন্যের বাসা ভাড়া দিয়ে টাকা তুলছেন সেই এনামুল!
২০১২ সালে পিলখানায় বিজিবি সদর দপ্তরে বিপুল অর্থসহ ধরা পড়া রেলের কমান্ড্যান্ট এনামুল হকের বিরুদ্ধে এবার অন্যের নামে বরাদ্দ করা সরকারি বাসা দখলে রেখে ভাড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এমনকি বরাদ্দ পাওয়া কর্মকর্তাকে বাসাটি বুঝিয়ে না দিয়ে উল্টো তাঁকে প্রাণনাশেরও হুমকি দিয়েছেন।
রেলের অর্থ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কমান্ড্যান্ট এনামুল হক সাময়িক বরখাস্ত হয়েছিলেন ওই বছরের ১৫ এপ্রিল। ২০১৩ সালের ২৮ মার্চ ঢাকার কমান্ড্যান্ট পদে যোগ দেন মো. জহিরুল ইসলাম। শাহজাহানপুরের আউটার সার্কুলার রোডে রেলওয়ে কলোনির এবি/৩-এ ‘দোহালজ’ বাসাটি ঢাকার কমান্ড্যান্টের জন্য সংরক্ষিত। সে অনুযায়ী দ্বিতল ‘দোহালজ’-এর নিচতলাটি জহিরুল ইসলামকে বরাদ্দ দেওয়া হয়। কিন্তু বদলি হওয়ার দুই বছর পরও এনামুল হক বাসাটি ছাড়েননি। এটি দখলে রেখে তিনি ভাড়া দিয়ে রেখেছেন।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক তোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, বাসা ভাড়া দেওয়াটা অন্যায়। তবে রাজশাহী বদলি করার পরও এনামুলের ঢাকার বাসা না ছাড়া বিষয়ে তিনি বলেন, ‘আইন অনুযায়ী তিনি বরখাস্ত হয়েছেন, কিন্তু তাঁর তো চাকরি চলে যায়নি। তাই তাঁকে বাসা থেকে উচ্ছেদের ব্যাপারে আমাদের কিছু করণীয় নেই।’
শাহজাহানপুরে রেলওয়ে কলোনিতে গিয়ে দেখা যায়, দোহালজের নিচতলায় বাসাটি কয়েক ভাগে তিনজনকে ভাড়া দেওয়া হয়েছে। এর এক অংশে সানফা টেইলার্স নামে একটি দরজি দোকান মালিক বজলুর রহমান থাকছেন। আরেক অংশে আছেন এক ফলবিক্রেতা। এর পাশে দুই কক্ষের আরেকটি বাসায় থাকে একটি পরিবার। তিন বাসার ভাড়া তুলে এনামুলের কাছে পৌঁছে দেন বজলুর রহমান। নিজেকে ছাত্রলীগের নেতা বলে দাবি করেন তিনি। তিনি বলেন, ‘এ বাসায় আমি অনেক দিন ধরে থাকি৷ মোট ভাড়া হয় ৩০ হাজার টাকা।’
রেলওয়ে কলোনির বাসিন্দারা জানান, এনামুল হক বাসাটি বরাদ্দ পাওয়ার পর থেকে এ পর্যন্ত বাসায় থাকেননি। শুরু থেকেই ভাড়া দিয়ে রেখেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাসাটি কমান্ড্যান্ট জহিরুল ইসলামকে বুঝিয়ে দিতে একাধিবার নোটিশ দেওয়া হয়। এনামুল এর কোনো জবাব দেননি, বাসাও ছাড়েননি। জহিরুল ইসলাম বাসায় ওঠার জন্য চেষ্টা-তদবির করলে এনামুল তাঁকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে এ বছরের ৮ জানুয়ারি জহিরুল ইসলাম শাহাজানপুর থানায় সাধারণ ডায়েরিও করেন।
বেআইনিভাবে বাসা ভাড়া দেওয়ার অভিযোগে ২০১২ সালে রেলের পরিবহন বিভাগের তৎকালীন পরিচালক সরদার সাহাদাত আলীকে প্রধান করে একটি তদন্ত কমিটি করা হয়। কমিটি কর্তৃপক্ষ বরাবর তদন্ত প্রতিবেদন জমাও দেয়। কিন্তু প্রতিবেদনের ভিত্তিতে রেল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।
এ বিষয়ে জানতে চাইলে রেলপথ মন্ত্রণালয়ের সচিব আবদুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, এনামুল হকের বিরুদ্ধে একাধিক অভিযোগের তদন্ত চলছে।
গত ২৯ মে রেলভবনে যন্ত্র প্রকৌশল বিভাগের প্রকল্প পরিচালক ইফতেখার হোসেনের কাছে জবানবন্দি দিয়ে ফেরার পথে এনামুল হকের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। বাসা দখলে নিয়ে ভাড়া দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আপনারা যা খুশি লিখতে পারেন।’
প্রসঙ্গত, রেলের পার্বতীপুর বিভাগের সহকারী কমান্ড্যান্ট পদে থাকার সময় এনামুল হক ২০০৮ সালের এপ্রিল থেকে টানা প্রায় দুই বছর বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাঁকে নোটিশ দেওয়া হলেও তিনি এর জবাব দেননি। এরপর তাঁর বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য রেলওয়ে সদর দপ্তরে সুপারিশ করা হয়। কিন্তু তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো দুই বছরের স্থগিত বেতন নিয়মিত করে ২০১০ সালে ঢাকার কমান্ড্যান্ট পদে যোগ দেন এনামুল হক।