অন্যের স্থাপনা ভেঙে রাস্তা খুলছে গৃহ নির্মাণ বিল্ডার্স!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুতল ভবন নির্মাণের জন্য রাস্তা বের করতে জোর করে পাশের বাড়ির গাড়ির গ্যারেজ ও সীমানাদেয়াল গুঁড়িয়ে দিয়েছে একটি বেসরকারি আবাসন কোম্পানি। রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় গত সোমবার এ ঘটনা ঘটেছে।
সরেজমিনে গৃহ নির্মাণ বিল্ডার্স লিমিটেড নামে একটি সাইনবোর্ড দেখা গেছে। প্রকল্পের নাম লেখা আছে মেঘনা। তবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সংশ্লিষ্ট বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, এই ভবন নির্মাণের জন্য কোনো অনুমোদন নেওয়া হয়নি।
ক্ষতিগ্রস্ত ৩৯৪ নম্বর কাজীপাড়ার বাড়ির মালিক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আবদুল মালেক। তাঁর পরিবারের সদস্য ও প্রতিবেশীরা জানান, সোমবার সকাল ১০টার দিকে আবদুল মালেক সস্ত্রীক গাড়ি নিয়ে বাসা থেকে বের হওয়ার পর ২০-২৫ জন লোক বাড়ির সীমানাপ্রাচীর ও গ্যারেজ ভেঙে দেয়। তারা গ্যারেজের শাটার, টিন, দেয়ালের ইট ও মালপত্রও নিয়ে যায়। সেখানে আর কোনো ধরনের স্থাপনা না করতে শাসিয়ে দেওয়া হয়।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ও প্রতিবেশীরা জানান, ১৯৯১ সালে সেখানকার বাড়ির মালিকেরা নিজেদের জায়গা ছেড়ে দিয়ে তাঁদের টাকায় আট ফুট চওড়া একটি রাস্তা নির্মাণ করেন। এ বিষয়ে ওই বছরের ৮ ফেব্রুয়ারি বাড়ির মালিকদের মধ্যে একটি চুক্তিও হয়।
গত বুধবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ৩৯৪ নম্বর বাড়ির গুঁড়িয়ে দেওয়া গ্যারেজটির পেছনে যে সীমানাদেয়াল ছিল, তা ভাঙা অবস্থায় পড়ে আছে। ভাঙা অংশ পার হয়ে দেখা যায়, (৩৯৪ নম্বর বাড়ির পেছনে) একটি সাদা একতলা বাড়ি। সামনে কিছু খালি জায়গা। একতলা বাড়িটির হোল্ডিং নম্বর ২৫৬ কাজীপাড়া। এর দক্ষিণ পাশে একটি বহুতল ভবন নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। ওই বাড়িটির পাশে একটি রাস্তা রয়েছে। একতলা বাড়ির লোকজন এত দিন ওই রাস্তা ব্যবহার করে আসছিলেন। এখন আবাসন কোম্পানিটি সামনের আবদুল মালেকের বাড়ির জায়গা দখল করে সেখান দিয়ে আরেকটি রাস্তা বের করার চেষ্টা করছে।
একতলা বাড়িটিতে উপস্থিত এক কর্মচারী জানান, শিগগিরই এখানে ভবনের নির্মাণকাজ শুরু হবে। মালিক বাড়ি নির্মাণের জন্য গৃহ নির্মাণ বিল্ডার্সকে নিয়োগ দিয়েছেন।
স্থাপনা ভেঙে জায়গা দখলের বিষয়ে জানতে চাইলে গৃহ নির্মাণ বিল্ডার্সের মহাব্যবস্থাপক সবুজ আহমেদ প্রথম আলোর কাছে দাবি করেন, এলাকাবাসীই বৃহৎ স্বার্থে রাস্তাটি সচল করার জন্য গ্যারেজ ভেঙে দিয়েছেন। কিন্তু সরেজমিনে সবুজ আহমেদের দাবির সত্যতা পাওয়া যায়নি। এলাকার কেউ এর সঙ্গে জড়িত নন বলে জানা গেছে।
এ তথ্য জানানো হলে সবুজ আহমেদ এবার বলেন, সিটি করপোরেশনের রাস্তা দখল করে অবৈধ গ্যারেজ করায় এটা ভাঙা হয়েছে। কিন্তু জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কুদরতউল্লাহ প্রথম আলোকে বলেন, ওই রাস্তাটি তাঁদের নয়। তাঁরা রক্ষণাবেক্ষণ করেন মাত্র।
বহুতল অ্যাপার্টমেন্ট করতে নকশা অনুমোদনের শর্ত হলো, প্লটের যাতায়াতের জন্য একটি রাস্তা থাকতে হয়। ২৫৬ নম্বর বাড়ির বাসিন্দারা এত বছর যে রাস্তাটি ব্যবহার করে আসছিলেন, তা সরু।
গৃহ নির্মাণ বিল্ডার্সের মহাব্যবস্থাপক স্বীকার করেন, তাঁরা এখানে যে অ্যাপার্টমেন্ট তৈরি করবেন, রাজউকের কাছ থেকে এখনো তার নকশার অনুমোদন নেওয়া হয়নি।
ক্ষতিগ্রস্ত আবদুল মালেকের পরিবার জানায়, গ্যারেজ ও সীমানাদেয়াল ভাঙার বিষয়টি তাঁরা কাফরুল থানাকে অবহিত করেছেন।