অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার সময় মো. রাশেদ (২৫) নামের এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার স্নাতক তৃতীয় বর্ষের ইতিহাস পরীক্ষা চলার সময় এ ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার বিকেলে নীলফামারী সরকারি মহিলা মহাবিদ্যালয় চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই দণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. যোবায়ের হোসেন।

নীলফামারী মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল গফফার জানান, আজ দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ছিল স্নাতক তৃতীয় বর্ষের ইতিহাস পরীক্ষা। এ সময় কলেজের ৩০৬ নম্বর ক‌ক্ষে নীলফামারী সরকারি কলেজের ছাত্র সাবলু হোসেনের হয়ে পরীক্ষা দিচ্ছিলেন দিনাজপুর জেলার খানসামা উপজেলার হোসেনপুর ডিগ্রি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্র মো. রাশেদ।
পরীক্ষা শুরুর দেড় ঘণ্টা পর ওই কক্ষের পরিদর্শক সফিকুল ইসলাম প্রবেশপত্র যাচাইয়ের সময় প্রবেশপত্রের ছবির সঙ্গে পরীক্ষার্থীর চেহারার অমিল থাকায় তাঁকে আটক করেন। এ সময় কেন্দ্রের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসাবাদ করলে তিনি দোষ স্বীকার করেন। তাৎক্ষণিক সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ভুয়া পরীক্ষার্থীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. যোবায়ের হোসেন জানান, পাবলিক পরীক্ষা আইন- ১৯৮০ এর ৩ (খ) ধারায় মো. রাশেদকে এ দণ্ড দেওয়া হয়েছে।

নীলফামারী সদর থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার চক্রবর্তী জানান, সাজাপ্রাপ্ত মো. রাশেদকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি দিনাজপুর জেলার খানসামা উপজেলার ভেরভেরী গ্রামের বাসিন্দা।