অপকর্ম প্রকাশ করায় সংবাদপত্রের বিষোদ্গার করছেন মন্ত্রী-সাংসদেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাসীন দলের মন্ত্রী ও সাংসদদের অপকর্ম সংবাদপত্রে প্রকাশ পাচ্ছে। তাই জাতীয় সংসদে সরকারদলীয় সাংসদ-মন্ত্রীরা সংবাদমাধ্যমের বিরুদ্ধে বিষোদ্গার করছেন বলে মন্তব্য করেছেন বিএনপি ও যুবদলের নেতারা।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দ্বিতীয় কারামুক্তি দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাজধানীর মুক্তাঙ্গনে যুবদল আয়োজিত সমাবেশে তাঁরা এ মন্তব্য করেন।সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, আওয়ামী লীগের সঙ্গে থাকলে জামায়াতও হালাল হয়ে যায়। এখন তাদের সঙ্গে থেকে চিহ্নিত স্বৈরাচারও হালাল হয়ে গেছে। এই হচ্ছে আওয়ামী লীগের অবস্থা। এদের স্বাস্থ্য উপদেষ্টা মোদাচ্ছের সাহেব বলেই দিয়েছেন, দলীয় লোক নিয়োগ করা হবে। এভাবে নগ্নভাবে দলীয়করণ করে এরা গোটা রাষ্ট্রকেই অকার্যকর করে দিয়েছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ আইনের শাসনের অপব্যবহার করছে। রাষ্ট্রপতি ন্যায়বিচারের প্রতীক। সেই রাষ্ট্রপতিকে দিয়ে দলীয় ক্যাডার ও খুনের আসামিকে মুক্তি দিয়েছে। এভাবে রাষ্ট্রপতিকে ঠুঁটো জগন্নাথ করা যায় না।সমাবেশে সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন। তিনি বলেন, নৌপরিবহনমন্ত্রীর অপকর্ম সংবাদপত্রে প্রকাশ পাচ্ছে। স্বাস্থ্য উপদেষ্টার দলীয় লোক নিয়োগের ঘোষণা সংবাদপত্র প্রকাশ করেছে, পাবনায় জেলা প্রশাসকের গাড়ি ভাঙচুর ও গাইবান্ধায় পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করার ঘটনাও সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। তাই সরকারদলীয় সাংসদেরা সংবাদমাধ্যমের ওপর এত খেপেছেন। তিনি বলেন, জাতীয় সংসদে দাঁড়িয়ে তাঁরা বলেন, দেশের সংবাদপত্রগুলো এক-এগারো সৃষ্টি করতে চায়। আজ সংবাদপত্রের বিরুদ্ধে তাঁদের কেন এই হুঙ্কার? কেন এই বিষোদ্গার? কারণ তাঁদের অপকর্ম স্পষ্টভাবে ফুটে উঠছে।সমাবেশে অন্যদের মধ্যে যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।