অপকর্মে জড়িতরা আ.লীগের মনোনয়ন পাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যেসব জনপ্রতিনিধি জনস্বার্থকে উপেক্ষা করে অপকর্মে জড়িয়ে পড়েছেন, তাঁদেরকে চিহ্নিত করা হচ্ছে। আগামী নির্বাচনে তাঁরা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাবেন না।গতকাল শনিবার সকালে নোয়াখালীর সেনবাগে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ওবায়দুল কাদের এ কথা বলেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, দেশে এখন নেতার ভিড়ে কর্মী খুঁজে পাওয়া যায় না। মনে হচ্ছে, দেশ নেতার কারখানা। তিনি বলেন, খেতের ফসল মার খেলেও নেতার বাম্পার ফলন হয়। এরা হাইব্রিট নেতা। এসব হাইব্রিট নেতার ডিজিটাল চেহারায় বাংলাদেশের সবুজ মাঠ, ফসল, নদী, পাহাড় আর দেখা যায় না। এই ডিজিটাল ও হাইব্রিট নেতাদের চেহারা দেখে মানুষ বিরক্ত। হাইব্রিড নেতাদের কারণে আজ প্রকৃত নেতা একজনকেও খুঁজে পাওয়া যায় না।এ সময় ওবায়দুল কাদের তাঁর ছবি ব্যবহার করে ডিজিটাল ব্যানার ও ফেস্টুনের ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আগামী নির্বাচনে জনগণ ভোট দেবে আমাদের কাজের বিচার-বিশ্লেষণ করে। ডিজিটাল চেহারা আর হুন্ডা গুনে, গেট গুনে কেউ ভোট দেবে না।’রামেন্দ্র মডেল উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহমুদুল হক পাটোয়ারী। অন্যদের মধ্যে বক্তব্য দেন জনতা ব্যাংকের পরিচালক জামাল উদ্দিন আহমেদ, আওয়ামী লীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু জাফর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম।