অপকর্মের অভিযোগ নেতার বিরুদ্ধে
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি ও অপকর্মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মুরাদনগর উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার বেলা ১১টায় কুমিল্লা শহরের বাদুড়তলা এলাকার একটি রেস্তোরাঁয় ওই সংবাদ সম্মেলন হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বঙ্গবন্ধু শিক্ষা ও স্বাস্থ্য ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সায়ফুল আলম মামুন। বক্তব্যে বলা হয়, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ১৮ বছরের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক। তাঁর ছত্রচ্ছায়ায় মুরাদনগরে ‘সেভেন স্টার বাহিনী’ গড়ে ওঠে। তাঁরা মুরাদনগরে ত্রাসের রাজত্ব কায়েম করছেন। উপজেলা ভূমি অফিস, টিআর, কাবিখার চাল বিক্রি, ঠিকাদারি, থানার দালালি, পরিবহন থেকে চাঁদা আদায় ও মাদক ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিমাসে প্রায় কোটি টাকা আদায় করে থাকেন। এই অর্থের ১০ শতাংশ জাহাঙ্গীর আলম সরকার পান।বক্তব্যে আরও বলা হয়, ২২ অক্টোবর সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত আবুল হাশেমকে সংবর্ধনা দেয় উপজেলার কোড়েরপাড় আদর্শ ডিগ্রি কলেজ। ওই অনুষ্ঠানে যাওয়ার কারণে এবং অনুষ্ঠান উপস্থাপনার জন্য আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ওপর হামলা, মারধর ও বাড়িঘর লুটপাট করা হয়। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাহেদুল আলমের বাড়িতে হামলা করা হয়। এ কারণে মামলা করায় উল্টো তাঁদের চাঁদাবাজির মামলা দেয় সেভেন স্টার বাহিনী। স্থানীয় বিএনপির এক প্রভাবশালী নেতার সন্ত্রাসী বাহিনীকেও জাহাঙ্গীর আলম প্রশ্রয় দেন বলে অভিযোগ করা হয়েছে।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি অশ্বিনী কুমার দেবনাথ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক, কৃষক লীগের আহ্বায়ক আবদুর রহিম সরকার, যুবলীগের আহ্বায়ক খায়রুল আলম ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন।জাহাঙ্গীর আলম সরকার গতকাল শুক্রবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘যাঁরা সংবাদ সম্মেলন করেছেন, তাঁরা দলের বড় পদের কেউ নন। সেভেন স্টার বাহিনী বলে আলাদা কিছু নেই। তাঁরা দলের অঙ্গসংগঠনের নেতা-কর্মী। আমার অনুসারী। আমার সঙ্গে রাজনীতি করেন। আমার সঙ্গে বিএনপির কোনো নেতা বা তাঁর বাহিনীর সঙ্গে কোনো যোগাযোগ নেই। নিজের পকেট থেকে টাকা দিয়ে রাজনীতি করি। আমি কোনো সেক্টর থেকে টাকা নিই না।’উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ‘২২ অক্টোবর আওয়ামী লীগের কেনো বড় নেতা কারও ওপর হামলা করেনি। আমি এখন উভয়সংকটে আছি। সংবাদ সম্মেলনের কথা জানি না। এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না।’