অপচিকিৎসায় জীবন সংকটাপন্ন
অগ্নিদগ্ধ হওয়া এক আদিবাসী নারীর চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন এক গ্রাম্য কবিরাজ। কিন্তু সুস্থ হওয়ার বদলে তাঁর অবস্থার আরও অবনতি হয়েছে।
ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বিরামপুর উপজেলার দাউদপুর ইউনিয়নের হাঁসারপাড়া গুচ্ছগ্রামে।
অপচিকিৎসার শিকার হওয়া ওই নারীর নাম জুতিলা কর্মকার (২৭)। তিনি ওই গ্রামের মৃত ভবেশ কর্মকারের স্ত্রী। গৃহবধূর পরিবারের অভিযোগ, কবিরাজের অপচিকিৎসায় তাঁর এই অবস্থা হয়েছে। তাঁর শরীরে পানি ও রক্তশূন্যতা দেখা দিয়েছে। এ ছাড়া সংক্রমণের আশঙ্কাও রয়েছে।
গতকাল শনিবার সরেজমিনে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চিকিৎসাধীন জুতিলা জানান, গত ১৭ জানুয়ারি বিকেলে চুলার মধ্যে পানি গরম করার সময় কুপির আগুন থেকে তাঁর চাদরে আগুন লাগে। মুহূর্তে আগুন পরিধান করা কাপড়ে ছড়িয়ে পড়ে। এতে তাঁর ডান পাশের কোমরের নিচ থেকে হাঁটুর উপরিভাগ পর্যন্ত পুড়ে যায়।
জুতিলা অভিযোগ করেন, খবর পেয়ে স্থানীয় রঞ্জয়পুর গ্রামের লাবু নামের এক কবিরাজ তাঁকে সুস্থ করার প্রতিশ্রুতি দিয়ে চিকিৎসা শুরু করেন। লাবু পুড়ে যাওয়া স্থানে তাঁর তৈরি মলম দেন এবং ওই স্থান কলাগাছের পাতা দিয়ে বেঁধে রাখেন। এভাবে ১৬ দিন চিকিৎসা করার পর তাঁর (জুতিলা) অবস্থার অবনতি শুরু হয়। পরে খবর পেয়ে বেসরকারি ল্যাম্ব হাসপাতালের প্রকল্প কর্মকর্তা বিজলী রানী ৩ ফেব্রুয়ারি তাঁকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। লাবুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা যায়নি।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রেজাউল হক জানান, জুতিলার শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে। অবস্থা সংকটাপন্ন। কবিরাজের মাধ্যমে অপচিকিৎসার কারণে জুতিলার শরীরে পানি ও রক্তের ঘাটতি দেখা দিয়েছে। সময়মতো টিটেনাস প্রতিষেধক না দেওয়ায় শরীরে ইনফেকশনের আশঙ্কা দেখা দিয়েছে।