অপচিকিৎসার দায়ে একজনকে জরিমানা
রংপুরের তারাগঞ্জে হাতুড়ে কবিরাজদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে গত সোমবার তারাগঞ্জ বাজারে পুলিশ অভিযান চালিয়েছে। এ সময় অপচিকিৎসার অভিযোগে রফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাঁকে দুই হাজার টাকা জরিমানা করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তারাগঞ্জ উপজেলার ১৮টি হাটবাজারে আসর জমিয়ে দীর্ঘদিন ধরে একশ্রেণির হাতুড়ে কবিরাজ পেটের ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, বাত, আমাশয়, মেহ, ডায়াবেটিস, অ্যাজমা, যৌনরোগসহ বিভিন্ন জটিল ও কঠিন রোগ শতভাগ নিরাময়ের আশ্বাস দিয়ে সালসা, বড়িসহ (ওষুধ) বিভিন্ন ধরনের ওষুধ বিক্রি করে আসছেন। গ্রামের মানুষ খুব সহজে এসব কবিরাজের কথায় বিশ্বাস করে ওষুধ কিনে প্রতারিত হচ্ছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তারাগঞ্জ থানার পুলিশ সোমবার বিকেলে তারাগঞ্জ বাজারে অভিযান চালায়। এ সময় আসর জমিয়ে শতভাগ আরোগ্যের নিশ্চয়তা দিয়ে নিজের তৈরি সালসা বিক্রি করছিলেন রফিকুল। পুলিশ হাতেনাতে তাঁকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। পরে তারাগঞ্জের ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক গোলাম মওলা তাঁকে দুই হাজার টাকা জরিমানা করেন। রফিকুল নাটোরের লালপুর উপজেলার আবদুল্লাপুর গ্রামের নূর ইসলামের ছেলে।
উপজেলার মণ্ডল গ্রামের কৃষক সাদ্দাম হোসেন বলেন, ‘এক মাস আগোত মুই তারাগঞ্জ হাটোত আরেক কবিরাজের কতা বিশ্বাস করি ১০ ট্যাকা দিয়া প্যাটের ব্যথার বড়ি নিছনু। ওইকনা খেয়া মোর ডাইরিয়া হয়। পরে ডাকতারের কথাত ৩০০ টাকার ওষুধ খেয়া ভালো হও।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাজাহান বলেন, এসব হাতুড়ে কবিরাজ চিকিৎসার নামে এলাকায় অপচিকিৎসার রমরমা ব্যবসা চালাচ্ছেন। তাঁদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো দরকার।