অপচিকিৎসার শিকার শিশু মৃত্যুর সঙ্গে লড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে অপচিকিৎসার শিকার এক শিশু মৃত্যুর সঙ্গে লড়ছে। এক কবিরাজ শিশুটিকে অতিরিক্ত মাত্রায় ঘুমের ইনজেকশন দেওয়ায় সে অচেতন হয়ে পড়ে। চিকিৎসকেরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।
এ ঘটনায় শিশুটির মা জিয়াউর রহমানের বিরুদ্ধে কেশবপুর থানায় গতকাল রোববার লিখিত অভিযোগ দিয়েছেন।
শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, মণিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা গ্রামের আবদুল আলিমের ছেলে আজিম (৭) গত শনিবার সকালে সংজ্ঞা হারালে কেশবপুর শহরের জিয়াউর রহমানের কাছে ঝাড়ফুঁক করার জন্য নিয়ে যাওয়া হয়। জিয়াউর শিশুটিকে ঝাড়ফুঁক করার পাশাপাশি একটি ইনজেকশন দেন। এরপর শিশুটি অচেতন হয়ে পড়ে। অবস্থার অবনতি হওয়ায় তাকে রাত সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শিশুটির মা তানজিলা বলেন, আজিম শনিবার সকালে কয়েকবার সংজ্ঞা হারালে তাকে জিয়াউরের কাছে ঝাড়ফুঁক করার জন্য নিয়ে যান। জিয়াউর তাকে একটি ইনজেকশন দিলেই সে নিথর হয়ে পড়ে। তখন জিয়াউর শিশুটিকে বাড়ি নিয়ে যেতে বলে। তারা না বুঝে বাড়ি নিয়ে গেলে শিশুটির অবস্থার অবনতি হতে থাকে। তার প্রস্রাব বন্ধ হয়ে যায়। রাত সাড়ে ১০টার দিকে শিশুটিকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গতকাল তনজিলা বলেন, ‘আমার ছেলের এই অবস্থার জন্য আমি এই কবিরাজের বিচার চাই।’
কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ আবু শাহীন বলেন, শিশুটির অবস্থা সংকটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, হাতুড়ে চিকিৎসক জিয়াউর না বুঝে অতিরিক্ত মাত্রায় ঘুমের ইনজেকশন দেওয়ায় রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়েছে।
জিয়াউর রহমান ইনজেকশন দেওয়ার কথা স্বীকার করলেও ভুল চিকিৎসার অভিযোগ অস্বীকার করেন।