অপচিকিৎসায় অন্ধ হতে বসেছে শিশুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুরে এক হাতুড়ে চিকিৎসকের চিকিৎসায় মুন্নী (৬) নামে একটি শিশুর এক চোখ নষ্ট হয়ে গেছে। চিকিৎসক বলেছেন, খুব তাড়াতাড়ি নষ্ট চোখে অস্ত্রোপচার না করা হলে আরেকটি চোখ নষ্ট হয়ে পুরোপুরি অন্ধ হয়ে যাবে সে। কিন্তু টাকার অভাবে মুন্নীর পরিবার তার অস্ত্রোপচার করাতে পারছে না। মুন্নী উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামের মোজাম্মেল হকের মেয়ে।সরেজমিনে গতকাল বুধবার দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামে গেলে মুন্নীর বাবা মোজাম্মেল হক জানান, মাস চারেক আগে মুন্নী বিছানা থেকে পড়ে কপালে আঘাত পায়। তিন দিন পর মুন্নীর বাঁ চোখ লাল হয়ে ওঠে। চিকিৎসার জন্য বাধ্য হয়ে তার পরিবার মানুষের কাছ থেকে সাহায্য নিতে থাকে। বিষয়টি কাটলা বাজারের হোমিও চিকিৎসক জাহান আলী জানতে পারেন। জাহান আলী তাঁকে দিয়ে মুন্নীর চিকিৎসা করানোর জন্য মোজাম্মেলকে পরামর্শ দেন। মুন্নীর মা ফরিদা বেগম জানান, জাহান আলী প্রথমে তিন দিনের ওষুধ দেন। সেগুলো ব্যবহার করার পর মুন্নীর চোখের অবস্থা আরও খারাপ হয়। এরপর জাহান তাঁদের এই বলে আশ্বস্ত করেন যে আগামী সাত দিনের মধ্যে তিনি মুন্নীর চোখ ভালো করে দেবেন। এরপর তিনি আরও ১৫ দিন অনেকটা জোর করেই মুন্নীর চোখের চিকিৎসা করেন। কিন্তু দিন দিন মুন্নীর চোখের অবস্থা খারাপ হতে থাকে।অবশেষে ফরিদা বেগম মেয়েকে নিয়ে বিরামপুরে চক্ষু চিকিৎসকের কাছে যান। বিরামপুুরের দুজন চক্ষুু চিকিৎসক মুন্নীর বাঁ চোখ নষ্ট হয়ে গেছে বলে জানান।মুন্নীর একজন চিকিৎসক দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান বলেন, গত বছর ১৭ নভেম্বর বিরামপুরে তাঁর ব্যক্তিগত চেম্বারে মুন্নীকে দেখানো হয়। তখন মুন্নীর বাঁ চোখটি পুরোপুরি নষ্ট ছিল। তিনি বলেন, মুন্নীকে প্রথম দিকে নিয়ে এলে তার চোখটি নষ্ট হতো না। মুন্নীর বাবা জানান, এরপর তিনি মেয়েকে দিনাজপুরের গাওসুল আজম বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকেরাও জানিয়ে দেন মুন্নীর বাঁ চোখটি নষ্ট হয়ে গেছে। এরপর মুন্নীকে গত ৫ জানুয়ারি রাজশাহীতে চক্ষু বিশেষজ্ঞ তানজিলা আলমের কাছে নেওয়া হলে তিনি জানান, দুই মাসের মধ্যে মুন্নীর বাঁ চোখে অস্ত্রোপচার না করলে ডান চোখটিও নষ্ট হয়ে যাবে।মুন্নীর বাবা মেয়ের চোখের অস্ত্রোপচারের টাকা জোগাড় করতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দেওয়া প্রত্যয়নপত্র নিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে সাহায্য নিচ্ছেন। মুন্নীর বাবা জানান, চিকিৎসক জানিয়েছেন বাঁ চোখটি অস্ত্রোপচার করতে ১৫ হাজার টাকা লাগবে। অভিযুক্ত হোমিও চিকিৎসক জাহান আলী দাবি করেন, তাঁর নির্দেশনামতো ওষুধ না খাওয়ায় মুন্নীর চোখটি নষ্ট হয়েছে। হোমিও চিকিৎসায় তাঁর কোনো প্রাতিষ্ঠানিক সনদ না থাকার কথা তিনি স্বীকার করেন। কাটলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযুক্ত চিকিৎসকের বিষয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।