অপচিকিৎসায় পা হারাতে বসেছে শিশুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুনা আক্তারের (৬) কাছে নিজের একটি পা এখন যন্ত্রণাদায়ক হয়ে দাঁড়িয়েছে। কারণ, এটি ফুলে প্রায় পাঁচটি পায়ের মতো মোটা হয়ে গেছে।ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার খাজানগর গ্রামের রিকশাচালক জাকির হোসেন অভিযোগ করেন, হাতুড়ে চিকিৎসক মনির হোসেনের অপচিকিৎসায় মেয়ে রুনার একটি পা প্রায় নষ্ট হয়ে গেছে।জাকির হোসেন জানান, রুনা স্থানীয় করিমশাহ রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। প্রায় এক বছর আগে পিছলে পড়ে রুনার বাঁ পা ভেঙে যায়। পরে উপজেলার উত্তর দাররা গ্রামের হাড়ভাঙা চিকিৎসক মনির হোসেনের কাছে মেয়েকে নিয়ে যান। ওই চিকিৎসক চার হাজার টাকার বিনিময়ে রুনার ভাঙা পায়ে ‘প্লাস্টার’ করে কিছু ওষুধ লিখে দেন। কিন্তু দেড় মাস পর প্লাস্টার খুলতে গিয়ে দেখা যায়, পা ফুলে সেখানে পচন ধরে গেছে।নবীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদেক মিয়া বলেন, ‘অসুস্থ মেয়েকে নিয়ে ওই রিকশাচালক আমার কাছে এসেছিলেন। কিন্তু পায়ের করুণ অবস্থা দেখে তাঁকে ঢাকার পঙ্গুতে যাওয়ার পরামর্শ দিয়েছি।’মেয়েকে ঢাকা নেওয়ার টাকা কোথায় পাবেন উল্লেখ করে জাকির হোসেন (৪০) বলেন, ‘মাইয়াডার চিকিৎসা করাইতে গিয়া এরই মইধ্যে ৮০ হাজার টেহার মতো দেনা (ঋণ) হইয়া গেছি।’ মনির হোসেন বলেন, ‘ওই মেয়েকে (রুনা) আমার কাছে আনলে আমি তাৎক্ষণিকভাবে পায়ে প্লাস্টার করে দিই। কিন্তু দেড় মাস পর পায়ের অবস্থার অবনতি দেখে ওই রোগী আমি রিলিজ করে দিয়েছি।’