অপচিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার ম্যায়াডা আইটা বাড়ি থন হাসপাতালে গেল, আর বাড়ি ফিরল লাশ অইয়া।’ এ কথা বলেন মানিকগঞ্জের সাটুরিয়ার কৈফিয়ত আলী। সাটুরিয়ায় একটি ক্লিনিকে অপচিকিৎসায় তাঁর একমাত্র মেয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তিনি। উপজেলার রুহুলি গ্রামের কৈফিয়ত আলী জানান, মেয়ে সোনিয়া বেগমের প্রসবব্যথা উঠলে তিনি রোববার রাত ১০টার দিকে মেয়েকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন ‘পারভীন নার্সিং হোম’-এ নিয়ে যান। কাগজ-কলমে ক্লিনিকটির মালিক সাটুরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের পরিবার কল্যাণ পরিদর্শক পারভীন আক্তারের ছেলে পিন্টু। কিন্তু দেখাশোনা করেন পারভীন আক্তার নিজেই।কৈফিয়ত আলী অভিযোগ করেন, ক্লিনিকে নেওয়ার পরপরই পারভীনের পরামর্শে কর্তব্যরত সেবিকা হেনা আক্তার সোনিয়ার শরীরে স্যালাইন দেন। এর কয়েক মিনিট পর তাঁর মেয়েকে চেতনানাশক ইনজেকশন দেওয়া হয়। এর মিনিট দশেকের মধ্যেই সোনিয়া মারা যান। সোনিয়ার মৃত্যুর ঘটনা ধামাচাপা দিতে ক্লিনিক কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার কথা বলে তাঁর মৃত মেয়েকে অ্যাম্বুলেন্সে করে রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে মৃত ঘোষণার পর তাঁদের জানানো হয়, সোনিয়া মারা গেছেন। এরপর মেয়ের লাশসহ তাঁদের গ্রামের বাড়ি রুহুলি পৌঁছে দেওয়া হয়। তিন বছর আগে ঢাকার ধামরাই উপজেলার আমতা গ্রামের নান্নু মিয়ার ছেলে মো. শাজাহানের সঙ্গে সোনিয়ার বিয়ে হয়। শাহজাহান সৌদি আরবে থাকেন। স্থানীয় সূত্র জানায়, পারভীনের স্বামী আবদুল মান্নান জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর স্বামীর প্রভাব খাটিয়ে বছর দুয়েক আগে পারভীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানাপ্রাচীর ঘেঁষে পারভীন নার্সিং হোম নামের ক্লিনিকটি খোলেন। ক্লিনিকে কয়েকজন অনভিজ্ঞ সেবিকা আছেন। নেই কোনো চিকিৎসক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা প্রসূতিদের ফুসলিয়ে পারভীন আক্তার নিজের ক্লিনিকে নিয়ে যান। চিকিৎসক না হয়েও তিনি নিজেই প্রসূতিদের ‘চিকিৎসা’ দেন। যোগাযোগ করা হলে পারভীন মুঠোফোনে বলেন, সোনিয়ার অবস্থা আশঙ্কাজনক ছিল। এ জন্য সেবিকা হেনা তাঁকে সিপ্রোসিন ইনজেকশন দেন। এরপর তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে তিনি মারা যান। একপর্যায়ে তিনি মুঠোফোন তাঁর স্বামী আবদুল মান্নানকে দেন। আবদুল মান্নান ধমক দিয়ে এই প্রতিবেদককে বলেন, ‘আপনারা যা খুশি লেখেন, কিছু যায় আসে না’।