অপচুক্তিতে বছরে ৭০০ কোটি টাকা রাজস্ব ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাংলাদেশে বিনিয়োগের সুযোগ নিয়ে বিদেশি বহুজাতিক কোম্পানিগুলো ২০১৩ সালে ৮ কোটি ৫৩ লাখ ডলার বা ৭০০ কোটি টাকা কর কম দিয়েছে। ১৮টি দ্বিপক্ষীয় ‘অপচুক্তি’র মাধ্যমে বিশ্বের ১৫টি দেশের প্রতিষ্ঠান এ দেশ থেকে এই টাকা নিয়ে গেছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশনএইডের ‘অপচুক্তি’ নামের এক গবেষণা প্রতিবেদনে এ চিত্র পাওয়া গেছে। গতকাল শনিবার ঢাকার ব্র্যাক সেন্টারে আয়োজিত ‘দুর্বিনীত কর-আঘাত, অসমর্থিত বাজেট’ শীর্ষক আলোচনার মূল প্রবন্ধে এ ফলাফল প্রকাশ করা হয়। পরে প্রতিবেদনটি নিয়ে বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা আলোচনা করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৫টি দেশের কোম্পানিগুলোর মধ্যে যুক্তরাজ্যের কোম্পানিগুলোই সবচেয়ে বেশি ১ কোটি ৪৫ লাখ ডলার কর কম দিয়েছে। আর যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো ১ কোটি ১৫ লাখ এবং কোরিয়ার কোম্পানিগুলো ১ কোটি ৩ লাখ ডলার কম দিয়েছে। মূলত এসব দেশের সঙ্গে সম্পাদিত দ্বৈতকর অব্যাহতি চুক্তিগুলোতে এমন শর্ত থাকে, যেখানে কম কর দিয়ে বিদেশি কোম্পানিগুলো মুনাফা নিয়ে যেতে পারে।
পাঁচ শর বেশি আন্তর্জাতিক চুক্তি নিয়ে এ গবেষণা করা হয়। যেখানে দেখা যায়, বিশ্বের মধ্যে বাংলাদেশেই সর্বোচ্চ ১৮টি অপচুক্তি আছে এবং বেশি কর দেওয়া হচ্ছে। রাজস্ব ক্ষতির এই অর্থ দিয়ে (৭০০ কোটি টাকা) প্রতিবছর ৩৪ লাখ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা যেত বাংলাদেশে।
অ্যাকশনএইডের প্রতিবেদনে বলা হয়েছে, এতে সমাজে অসমতা সৃষ্টি হচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে, এ অসমতার শিকার হচ্ছে নারী ও শিশুরা। সরকার রাজস্ব হারাচ্ছে, সরকারি সেবায় তহবিল দেওয়া যাচ্ছে না।
অ্যাকশনএইড আরও বলছে, মূলত সরকারের কাছ থেকে সুবিধা নিতে বহুজাতিক প্রতিষ্ঠানগুলো নিজেদের মতো নিয়ন্ত্রণমূলক ‘অপচুক্তি’ করিয়ে এই আর্থিক সুবিধা নিচ্ছে। কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি এবং পুনরায় বিনিয়োগের কথা থাকলেও করপোরেট প্রতিষ্ঠানগুলো মুনাফাকেই বেশি গুরুত্ব দেয়।
আলোচনা: অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুর রাজ্জাক বলেন, ‘বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে কর নীতিতে বিনিয়োগকারীদের কিছু সুবিধা দিতে হয়েছে। তবে এ ক্ষেত্রে যতটা কঠোর ও কৌশলী হওয়ার কথা ছিল, সেটা হতে পারিনি।’
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ বলেন, বাংলাদেশের মতো এত বেশি (৩৩টি চুক্তি) দ্বৈতকর পরিহার চুক্তি অন্য কোনো দেশ করেনি। এ চুক্তিগুলোতে দেশের লাভ-ক্ষতি কী হচ্ছে, তা পর্যালোচনা করে দেখা উচিত।
বিদেশি বিনিয়োগের একটি উদাহরণ দিয়ে মোহাম্মদ আবদুল মজিদ বলেন, একটি সেতু নির্মাণের জন্য একটি বিদেশি সিমেন্ট কোম্পানিকে ওই সেতুর পাশে ১০০ বছরের জন্য জমি লিজ দেওয়া হয়েছিল। সেতু নির্মাণ শেষে ওই কোম্পানি আরেকটি কোম্পানির কাছে ওই জমি বিক্রি করে দিয়ে চলে গেছে। এ ধরনের বিদেশি বিনিয়োগে কোনো লাভ নেই।
এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সদস্য স্বপন কুমার বালা বলেন, আইনের ফাঁকফোকর দিয়ে এসে এ দেশে করপোরেট মূলধন জমা হচ্ছে। এ ধরনের বিনিয়োগ ভবিষ্যতে সমস্যা তৈরি করবে।
বাংলাদেশ বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম বলেন, বিদেশি বিনিয়োগের মূল্য লক্ষ্য ছিল দেশে কর্মসংস্থান সৃষ্টি করা। সেটি হয়নি, উল্টো অর্থ নিয়ে যাচ্ছে। তাই বিদেশি বিনিয়োগ প্রযুক্তি, কর্মসংস্থান কিংবা দক্ষতা বৃদ্ধিতে কতটা কাজে আসছে, সেই বিষয়টি মূল্যায়ন করতে হবে।
অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির বলেন, সক্ষমতার অভাবে করপোরেটরা বেশি সুযোগ পাচ্ছে। বিনিয়োগ বাড়াতে গিয়ে কর ফাঁকির সুযোগ করে দেওয়া যৌক্তিক নয়।
অনুষ্ঠানে গবেষণার বিভিন্ন বিষয় তুলে ধরেন অ্যাকশনএইডের পরিচালক আজগর আলী সাবরী।