অপচয় রোধে সচেতনতার ঘাটতি রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে চট্টগ্রামে এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, দেশে বিদ্যুৎ উৎপাদনে কোনো ঘাটতি নেই। সরকার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নতির জন্য কাজ করছে। তবে বিদ্যুতের অপচয়ের বিষয়ে সচেতনতার ঘাটতি রয়ে গেছে। বিদ্যুতের ব্যবহারে সাশ্রয়ী হতে সবাইকে সচেতন করা প্রয়োজন।
গতকাল সোমবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চট্টগ্রাম কার্যালয়ে এ সভা হয়। ‘আলোর পথে আরও এগিয়ে’ স্লোগানে দেশব্যাপী বিদ্যুৎ সপ্তাহ পালন করছে বিদ্যুৎ বিভাগ।
পিডিবি চট্টগ্রামের প্রধান প্রকৌশলী মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১০ আসনের সাংসদ আফছারুল আমীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার সেন, সঞ্চালনা করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মকবুল হোসেন।
অনুষ্ঠানে জানানো হয়, প্রতিদিন একটি পরিবার এক ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করলে দিনে আড়াই শ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব। এতে খরচ বাঁচবে আড়াই হাজার কোটি টাকা। এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে খরচ পড়ে প্রায় ১০ কোটি টাকা।
সভায় আফছারুল আমীন বলেন, দেশের সম্পদ রক্ষায় সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। এ জন্য সচেতনতা তৈরি প্রয়োজন। ওয়ার্ডভিত্তিক বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সচেতনতামূলক সভা আয়োজনের মাধ্যমে এ কাজ শুরু করার পরামর্শ দেন তিনি।