সিএনজি ফিলিং স্টেশনগুলো পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। গতকাল শুক্রবার দুপুরে সিলেট চেম্বার আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘বাসমালিকেরা স্বল্পমূল্যে গ্যাস নেন, কিন্তু ভাড়া কমান না। দেশের জনগণ সুফল ভোগ করবে না, এটা মেনে নেওয়া যায় না। তাই নতুন সিএনজি ফিলিং স্টেশনের অনুমোদন না দেওয়ার পাশাপাশি পুরোনোগুলোও ধীরে ধীরে বন্ধ করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দেওয়া হয়েছে।’
সিলেট চেম্বারের সভাপতি সালাহ্উদ্দিন আলী আহমদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী, চেম্বারের সাবেক সভাপতি ফারুক আহমদ মিছবাহ ও কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি কলমদর আলী।
সভায় সিলেটের ব্যবসা-বাণিজ্যের প্রসার ও পর্যটনবান্ধব পরিবেশ সৃষ্টির বিষয়ে ব্যবসায়ীদের উদ্যোগ এবং মতামত শোনেন শিল্পমন্ত্রী। তিনি গ্যাসের অপচয়রোধে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ বন্ধের পক্ষে মত দিয়ে বলেন, ‘গ্যাসের অপচয়ের কারণে মজুদ কমে আসছে। অপচয়রোধে সব ধরনের পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া প্রয়োজন। বিদেশের মতো বাসাবাড়িতে সিলিন্ডারের গ্যাস ব্যবহার করলে অপচয় কমে যাবে।’
সিলেটের ফেঞ্চুগঞ্জে শাহজালাল সার কারখানা এ বছর জুন মাসে উদ্বোধন হওয়ার কথা রয়েছে বলে জানান মন্ত্রী আমির হোসেন।
শিল্পমন্ত্রী আরও জানান, ইতিমধ্যে সার কারখানার ১১টি ইউনিটের কাজ শেষ হয়েছে। আরও আটটি ইউনিটের ৯৫ শতাংশ কাজ প্রায় শেষ। নতুন কারখানা উদ্বোধনের পর পুরোনোটি অ্যামোনিয়া কারখানায় রূপান্তর করা হবে। এতে দেশে অ্যামোনিয়া আমদানি কমবে।