বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে যে অপতৎপরতা চলছে, তার বিরুদ্ধে বই-ই বড় অস্ত্র। বই পাঠের মাধ্যমে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হবে। বই পড়লে নতুন নতুন উদ্ভাবনী শক্তি সঞ্চয় হবে। এর মাধ্যমে আরও এগিয়ে যাবে বাংলাদেশ।
গতকাল রোববার কুমিল্লা বইমেলার ষষ্ঠ দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান খান এসব কথা বলেন। বিকেলে নগরের টাউন হল মাঠের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মুক্তমঞ্চে এ আলোচনা হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার ভৌমিকের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন লেখক ও প্রাবন্ধিক শান্তিরঞ্জন ভৌমিক।
গত শনিবারের আলোচনায় অংশ নেন বাংলা লেখার সফটওয়্যার ‘বিজয়’-এর নির্মাতা মোস্তাফা জব্বার। এদিন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সানাউল হকের সভাপতিত্বে আরও আলোচনা করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, লেখক শান্তনু কায়সার, কবি আসলাম সানি ও দৈনিক ইত্তেফাক-এর সাহিত্য সম্পাদক মাইনুল শাহিদ।