অপদখলীয় ভূমি পরিদর্শন
বাংলাদেশ ও ভারতের উচ্চপর্যায়ের যৌথ প্রতিনিধিদল গতকাল শনিবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাতল সীমান্তে অপদখলীয় জায়গা পরিদর্শন করেছে। তবে পরিদর্শন শেষে উভয় পক্ষের কর্মকর্তাদের একটি বৈঠক হওয়ার কথা থাকলেও ভারতীয় পক্ষ তাতে সাড়া দেয়নি।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাল্লাতল সীমান্তের ১৩৭০ নম্বর মূল সীমান্ত খুঁটির ১ নম্বর উপখুঁটি (সাবপিলার) থেকে ১৩৭৪ নম্বর মূল সীমান্ত খুঁটির ১ নম্বর উপখুঁটি পর্যন্ত বেশ কিছু জায়গার মালিকানা নিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিরোধ চলছিল। ওই জায়গাটি দীর্ঘদিন ধরে বাংলাদেশের দখলে আছে। এর অভ্যন্তরে পাল্লাতল চা-বাগান ও পাল্লাতল খাসিয়াপল্লির পানজুমের বেশ কিছু জায়গা রয়েছে।গত বছরের ৮ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত উভয় দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিরোধপূর্ণ জায়গায় জরিপকাজ চালান। সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে যৌথ প্রতিনিধিদল ওই অপদখলীয় জায়গা পরিদর্শন করে। প্রতিনিধিদলে বাংলাদেশের পক্ষে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক (জরিপ) মো. ইকবাল, উপপরিচালক খংকাম নীলমণি সিংহ, মৌলভীবাজারের জেলা প্রশাসক (ডিসি) মো. মোস্তাফিজুর রহমান, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৮ ব্যাটালিয়নের অপারেশনাল কর্মকর্তা মেজর মোস্তফা আশিকুর রহমান প্রমুখ ছিলেন। এ ছাড়া ভারতের পক্ষে আসাম রাজ্যের জরিপ বিভাগের সহকারী পরিচালক বি কে বড়া, করিমগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম এ লস্কর, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ১৩৬ ব্যাটালিয়নের অধিনায়ক এন কে রায় প্রমুখ ছিলেন।পরিদর্শনকালে ভারতের কর্মকর্তারা অপদখলীয় জায়গার মধ্যে তাদের সংরক্ষিত বনের প্রায় ১৩৭ একর জায়গা রয়েছে বলে দাবি করেন। বিকেল প্রায় চারটা পর্যন্ত ওই কার্যক্রম চলে।ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক মো. ইকবাল গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পাল্লাতলের অপদখলীয় জায়গার বিষয়ে উভয় দেশের রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল মোমিন খান জানান, পরিদর্শন শেষে উভয় পক্ষের একটি বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু ভারতের কর্মকর্তারা তাতে আগ্রহ দেখাননি।