মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে সেক্টর কমান্ডারস ফোরামের গোলটেবিল বৈঠক
অপপ্রচার প্রতিরোধে বিদেশি দূতাবাসকে সক্রিয় করার প্রস্তাব
বিদেশে ‘লবিস্ট’ নিয়োগ করে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার-প্রক্রিয়া নিয়ে অপপ্রচার প্রতিরোধে অবিলম্বে বিদেশি দূতাবাসকে সক্রিয় করার প্রস্তাব করা হয়েছে। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘যুদ্ধাপরাধীদের বিচার: অগ্রগ্রতি ও সমস্যা’ শীর্ষক এক জাতীয় গোলটেবিল বৈঠকে বক্তারা এ প্রস্তাব দেন। একই সঙ্গে বক্তারা প্রতিটি সাক্ষী ও তাঁদের পরিবারের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত, ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো ও জনমত সৃষ্টির ওপর জোর দেন। সেক্টর কমান্ডারস ফোরাম এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। বৈঠকে ফোরামের চেয়ারম্যান ও পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের বিচার জাতীয় বিষয়, কোনো দলের নয়। বিদেশে আমাদের বিরুদ্ধে এবং যুদ্ধাপরাধীদের পক্ষে বহু প্রচারণা চলছে। সে তুলনায় আমাদের প্রচারণা কিছুই না। যদি কোনোভাবে আমরা এই বিচার বাকি সময়ের মধ্যে শেষ করতে না পারি, তাহলে সমগ্র জাতির ওপর সাংঘাতিক দুর্যোগ নেমে আসবে।’ এ কে খন্দকার আরও বলেন, ‘আমার জানামতে পৃথিবীর যেসব দেশে যুদ্ধাপরাধের বিচার হয়েছে, সেখানে কাউকে আপিলের সুযোগ দেওয়া হয়নি। যদি সম্ভব হয়, আমি সরকারের কাছে অনুরোধ করব আপিলের বিধান বাতিল করার জন্য।’আলোচনায় অংশ নিয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, যদি বর্তমান সরকার ক্ষমতায় ফিরে আসতে না পারে, তাহলে যুদ্ধাপরাধীদের বিচার চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। মিজানুর রহমান আরও বলেন, ‘আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলি, লিমনের মতো নিরপরাধ ছেলেটির পিছনে কেন সময়, অর্থ ও লোকবল ব্যয় করছেন? যখন লিমনের বিরুদ্ধে ব্যস্ত, তখন বাচ্চু রাজাকার পালিয়ে যায়, তাকে ধরতে পারে না। প্রশাসনের ভেতরে জামায়াত-শিবিরের এজেন্ট লুকিয়ে আছে। এখনো সময় আছে, এদের শনাক্ত করুন ও সরিয়ে দিন।’ সাক্ষী সুরক্ষা আইন পাস করার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘এই আইনটি পাস করুন, যাতে রাষ্ট্র তাঁদের নিরাপত্তা দিতে পারে। অপপ্রচার সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরও উদ্যোগী ভূমিকা পালন করতে হবে।’ মিজানুর রহমান বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচারে আমাদের ট্রাইব্যুনাল বদান্যতা প্রদর্শন করছেন। যখন প্রসিকিউশনকে দেওয়া হচ্ছে পাঁচ মিনিট, ডিফেন্সকে দেওয়া হচ্ছে ২০ মিনিট। এর পরও প্রশ্ন ওঠে, ন্যায়বিচার হচ্ছে না, স্বচ্ছ বিচার হচ্ছে না।’ রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি (চিফ প্রসিকিউটর) গোলাম আরিফ বলেন, ‘যথেষ্ট অগ্রগতি হয়েছে। এ বছরের মধ্যেই আমি মনে করি, তিন-চারজনের বিচার নিষ্পত্তি হবে।’ তদন্ত সংস্থার সমন্বয়ক মো. আবদুল হান্নান খান বলেন, ‘বাচ্চু রাজাকার পালিয়ে যাওয়ায় আমাদের গাফিলতি ছিল না। এ বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো তদন্তও হয়নি। আমি একটা জনবলকাঠামো দিয়েছি। এটা হলে একটা দৃশ্যমান অগ্রগতি দেখতে পারবেন। এ বছরই দু-একটি মামলা যে শেষ হবে না, এইরূপ ধারণা রাখা ঠিক হবে না।’ সেক্টর কমান্ডারস ফোরামের ভারপ্রাপ্ত মহাসচিব হারুন হাবীবের সঞ্চালনায় ফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য আবু ওসমান চৌধুরী, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী, ওয়ার্কার্স পার্টির পুলিটব্যুরো সদস্য কামরুল আহসান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য হায়দার আকবর খান রনো, ফোরামের যুগ্ম মহাসচিব ম. হামিদ, ঢাকা বিভাগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পাটোয়ারী, সমকাল পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান, ফোরামের মহিলা কমিটির সদস্য জাকিয়া কে হাসান, আইনজীবী মনজিল মোরসেদ, কেয়া চৌধুরী প্রমুখ আলোচনায় অংশ নেন।সূচনায় লিখিত বক্তব্যে হারুন হাবীব বলেন, তদন্ত ও প্রসিকিউশন টিমের মধ্যে সমন্বয় আগের যেকোনো সময়ের চেয়ে সন্তোষজনক। ট্রাইব্যুনাল-২ গঠিত হওয়ায় মামলাগুলো আগের চেয়ে দ্রুতগতিতে সম্পন্ন হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। সমস্যার বিষয়ে বলা হয়, প্রসিকিউশন বেশ কিছু ক্ষেত্রে সাক্ষী হাজির করতে ব্যর্থ হচ্ছে। অভিযুক্তদের সম্পর্কে পর্যাপ্ত কর্তৃপক্ষীয় সতর্কতার অভাব লক্ষ করা যাচ্ছে। সাক্ষী ও তাঁদের পরিবার-পরিজনকে হুমকি দেওয়া হচ্ছে। বিদেশে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কে ক্রমাগত অপপ্রচার চালানো হচ্ছে। যুদ্ধাপরাধী ও তাদের পৃষ্ঠপোষকেরা লবিস্ট নিয়োগ করে এই অপতৎপরতার পরিমাণ বাড়িয়ে দিয়েছে।এ ক্ষেত্রে সেক্টর কমান্ডারস ফোরামের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে আরও কয়েকটি ট্রাইব্যুনাল গঠন, প্রতিটি চিহ্নিত যুদ্ধাপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা, বিচার ত্বরান্বিত করতে একটি সম্মিলিত মোর্চা গঠন করার প্রস্তাব করা হয়।