অপপ্রচার মোকাবিলার পরামর্শ জয়ের

মাঠপর্যায়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের চাঙা করতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা সামনে রেখে গতকাল সোমবার গাজীপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল সফর শেষ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। দুই দিনের এ সফরে তিনি আওয়ামী লীগ সরকারের গত সাড়ে চার বছরের সাফল্যগাথা তুলে ধরেছেন। তবে শুধু এই ‘উন্নয়নের প্রচারণায়’ অনেকেই সন্তুষ্ট হতে পারেননি।গতকাল সফরের দ্বিতীয় দিন সজীব ওয়াজেদ সকালে ময়মনসিংহ থেকে টাঙ্গাইলের মধুপুরে যান। সেখানে রানী ভবানী স্কুল মাঠে এক সংবর্ধনা সভায় তিনি বক্তব্য দেন। দুপুরে তিনি টাঙ্গাইলের ভাসানী হলে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কর্মী সমাবেশে বক্তব্য দেন। ঢাকায় ফেরার পথে তিনি মির্জাপুরের জামুরকি আবদুল গনি স্কুল মাঠে ও কালিয়াকৈরের চন্দ্রায় বঙ্গবন্ধু কলেজ মাঠে আরও দুটি পথসভায় বক্তব্য দেন। স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলো এসব পথসভা ও কর্মী সমাবেশের আয়োজন করে। এসব পথসভায় বঙ্গবন্ধুর নাতিকে একঝলক দেখার জন্য মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত উৎসাহের ঘাটতি ছিল না। ময়মনসিংহ, টাঙ্গাইল ও কালিয়াকৈরের পথসভাগুলো ছিল মানুষে পরিপূর্ণ। তবে বক্তব্য শুনে কেউ কেউ হতাশ হয়ে নানা মন্তব্য করেছেন। গতকাল মধুপুরের পথসভা শেষ করে তেমনই হতাশা প্রকাশ করলেন স্থানীয় ব্যবসায়ী মো. আসাদউল্লাহ। তিনি প্রথম আলোকে বলেন, নৌকায় ভোট দিতে বললেন, কিন্তু নির্বাচন কীভাবে হবে, একতরফা হবে, না তত্ত্বাবধায়ক আসবে—এসব নিয়ে তো কিছু বললেন না।
স্থানীয় স্কুলশিক্ষক মো. মহিউদ্দিন বলেন, গত সাড়ে চার বছরে আওয়ামী লীগ অনেক উন্নয়ন করেছে, এ কথা ঠিক। কিন্তু মন্ত্রী-এমপিদের অনেকেই দুর্নীতি করেছেন। পদ্মা সেতু, হল-মার্ক ও শেয়ারবাজার কেলেঙ্কারির কথা উল্লেখ করে তিনি বলেন, এসব সমস্যার কীভাবে সমাধান হবে, তা সজীব ওয়াজেদ বলেননি।
বিপরীতে অনেকের মুখেই জয়ের প্রশংসা শোনা গেছে। কেউ কেউ বলেছেন, অন্য রাজনীতিকদের মতো সজীব ওয়াজেদ বিরোধী দলের কাউকে ব্যক্তি-আক্রমণ করে কোনো কথা বলেননি। অনেকেই মনে করছেন, জয়ের এই সফরে মাঠপর্যায়ে নেতা-কর্মীদের মধ্যে গতিশীলতা বাড়বে, তাঁরা আরও সংগঠিত হবেন।
সজীব ওয়াজেদের মুখে বর্তমান সরকারের উন্নয়ন ও সাফল্যের প্রচার শুনে অনেকেই বলেছেন, সরকার অনেক উন্নয়ন কর্মকাণ্ড করলেও সাধারণ মানুষ এর ফল পায় না। টাঙ্গাইলের বেসরকারি একটি সংস্থার চাকরিজীবী শামসুদ্দোহা বলেন, সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নানা সমস্যা আছে। চিকিৎসক থাকেন না, নিয়মিত স্বাস্থ্যসেবা পাওয়া যায় না। নানা ধরনের অব্যবস্থাপনা আছে।
গত দুই দিনের গাজীপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল সফরে ছয়টি পথসভা ও দুটি কর্মী সমাবেশেই সজীব ওয়াজেদ ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সাড়ে চার বছরের উন্নয়ন-বিবরণী তুলে ধরেন। সে সময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সারা দেশে ১৪ হাজার স্বাস্থ্যকেন্দ্র তৈরি করেছে। বিএনপি ক্ষমতায় গেলে এগুলো বন্ধ করে দেবে। এ ছাড়া তিনি বিদ্যুৎ, স্বাস্থ্য, কৃষি, খাদ্য প্রভৃতি খাতে সরকারের সাফল্যের কথা তুলে ধরে আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানান। গতকাল কালিয়াকৈরের পথসভায় তিনি গাজীপুরে বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয় ও হাইটেক পার্ক নির্মাণ করা হবে বলে প্রতিশ্রুতি দেন।
মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে: মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে গতকাল সজীব ওয়াজেদ বলেন, ‘আমরা অঙ্গীকার করেছিলাম একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার করব। তাদের সাজা হয়েছে, এখন শুধু তা বাস্তবায়ন বাকি। বিরোধীদলীয় নেতা বলেছেন, তারা ক্ষমতায় গেলে সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের মুক্ত করে দেবেন। আমরা এটা হতে দেব না। একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে রায় বাস্তবায়ন করা সম্ভব হবে। সামনের নির্বাচনে জিতলে একাত্তরের স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী, রাজাকাররা শেষ হয়ে যাবে।’
দলীয় ঐক্যের আহ্বান: দলীয় ঐক্যের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রীপুত্র দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কে প্রার্থী হয়েছেন, তা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনে জিততে হবে, আওয়ামী লীগকে আবার ক্ষমতায় নিতে হবে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে কেউ হারাতে পারবে না।
অপপ্রচারের মোকাবিলা করার পরামর্শ: সজীব ওয়াজেদ গতকাল আওয়ামী লীগের বিরুদ্ধে করা অপপ্রচারের প্রতিবাদ করার পরামর্শ দিয়েছেন সংগঠনটির নেতা-কর্মীদের। টাঙ্গাইলের ভাসানী হলে কর্মিসভায় সংগঠনের নেতা-কর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি হেফাজতে ইসলামের ১৩ দফায় সমর্থন দিয়েছে। তারা ক্ষমতায় গেলে মেয়েরা পঞ্চম শ্রেণীর বেশি লেখাপড়া করতে পারবে না। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নারী ও ধর্ম নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে ঘরে ঘরে অপপ্রচার চালানো হচ্ছে। এ জন্য নেতা-কর্মীদের ঘরে ঘরে গিয়ে এর মোকাবিলা করতে হবে। মসজিদে মসজিদে আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার করা হয়। এ জন্য তিনি নেতা-কর্মীদের মসজিদে গিয়ে এর প্রতিবাদ করার পরামর্শ দেন।
গত রোববার সজীব ওয়াজেদ তাঁর প্রথম একক রাজনৈতিক সফরে ঢাকা থেকে ময়মনসিংহে যান। যাওয়ার পথে তিনি টঙ্গী, গাজীপুরের চান্দনা চৌরাস্তা ও মুক্তাগাছায় তিনটি পথসভায় বক্তৃতা করেন। শেষে ময়মনসিংহে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কর্মী সমাবেশে বক্তব্য দেন।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন টাঙ্গাইল প্রতিনিধি কামনাশীষ শেখর ও গাজীপুর প্রতিনিধি মাসুদ রানা]