অপপ্রচারে কান না দেওয়ার পরামর্শ মহিউদ্দিনকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে অপপ্রচারে কান না দিয়ে আ জ ম নাছির উদ্দিনের পক্ষে কাজ করে তাঁকে জিতিয়ে আনার পরামর্শ দিয়েছে সহস্র নাগরিক কমিটি। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় সহস্র নাগরিক কমিটির সংগঠকেরা মহিউদ্দিন চৌধুরীকে এ পরামর্শ দেন।
আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী নাছির উদ্দিনের সমর্থনে সহস্র নাগরিক কমিটি এ সভার আয়োজন করে। সভায় সহস্র নাগরিক কমিটির আহ্বায়ক সাহিত্যিক সৈয়দ শামসুল হক, নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়, সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ শামসুল হক বলেন, ‘সাধারণ মানুষ কখনো ভুল করে না। তারা মুক্তিযুদ্ধবিরোধী, বোমাবাজদের অবশ্যই প্রত্যাখ্যান করবে।’
নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘মহিউদ্দিন ভাই, অনেকে বলছেন আপনি নাকি নাছিরের জন্য কাজ করছেন না। শত্রুদের এসব অপপ্রচারে কান দেবেন না। অপপ্রচারে কান না দিয়ে নাছিরকে জিতিয়ে আনুন আপনি।’ মহিউদ্দিন চৌধুরীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ভবিষ্যতে অনেকে মেয়র হবেন। কিন্তু নগরপিতা হতে পারবেন না। মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামের নগরপিতা।’
পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা বলতে চাই, শেখ হাসিনা যদি একজন কলাগাছকেও মনোনয়ন দেন, আমরা তাঁর পক্ষে দাঁড়াব। কারণ শেখ হাসিনা আমাদের সেই আস্থা অর্জন করেছেন।’
মহিউদ্দিন চৌধুরী বলেন, দেশবিরোধী চক্রান্তকারীরা আমাদের ভেতরে ঢুকে ষড়যন্ত্র করতে পারে।