অপপ্রচারে বিভ্রান্ত না হতে নারীদের প্রতি আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী গতকাল রোববার এক বিবৃতিতে বলেছেন, আগামী ৫ মে হেফাজতে ইসলামের ঢাকা ঘেরাও কর্মসূচি বানচাল করতে নারী সমাজকে মাঠে নামানোর অপচেষ্টা চলছে। তিনি ‘নাস্তিক’, ‘ইসলামবিদ্বেষী’ ও তাদের সহযোগীদের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য নারী সমাজের প্রতি আহ্বান জানান। আল্লামা শফী কোনো মহলের চাপে ‘তথাকথিত প্রতিবাদী নারী সমাজের’ মহাসমাবেশ কিংবা ‘শাহবাগিদের’ গণজাগরণ মঞ্চের শ্রমিক সমাবেশের মতো কর্মসূচি বাস্তবায়নে নারী শ্রমিকদের ব্যবহার করতে না দেওয়ার জন্য পোশাক কারখানার মালিক এবং শ্রমিক সংগঠন, বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের প্রতি আহ্বান জানান। বিবৃতিতে দাবি করা হয়, হেফাজতের লংমার্চ ও মহাসমাবেশের মধ্য দিয়ে সারা দেশে তৌহিদি জনতার যে মহাজাগরণ শুরু হয়েছে, তাতে ভীত ও দিশেহারা হয়ে ‘নাস্তিক-বামপন্থী’ ও তাদের সহযোগীরা এখন মিথ্যা ও প্রতারণার আশ্রয় নিয়ে সরলমনা নারীদের ঢাল হিসেবে ব্যবহার করার অপচেষ্টা চালাচ্ছে। এ জন্য তারা কর্মজীবী নারীদের ভুল বুঝিয়ে উসকে দিয়ে মাঠে নামানোর অপচেষ্টা চালাচ্ছে। তারা নারী সমাজ, তৌহিদি জনতা ও ইসলামের চিরায়ত সংস্কৃতিকে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টায় লিপ্ত।বিবৃতিতে আরও দাবি করা হয়, সরকার ও বামপন্থী ‘নাস্তিকদের’ নেতৃত্বাধীন কিছু নারী সংগঠন ও এনজিও বিভিন্ন নামে ইতিমধ্যেই রাস্তায় মানববন্ধন, সভা-সেমিনার করে হেফাজতে ইসলামের দাবির ব্যাপারে মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। তাদের সহযোগিতা করছে সুশীল সমাজ নামধারী ‘ইসলামবিদ্বেষী’ কিছু ব্যক্তি। তারা হেফাজতের ব্যাপারে নানা বিষোদ্গার করা ছাড়াও হেফাজতের দাবি মানা হলে ‘দেশ মধ্যযুগে ফিরে যাবে’ এবং ‘তালেবানি রাষ্ট্রে পরিণত হবে’ বলে কাল্পনিক বক্তব্য দিচ্ছেন।