অপপ্রচারে বিভ্রান্ত না হতে মনজুরের আহ্বান
অপপ্রচারে বিভ্রান্ত না হতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মনজুর আলম। গতকাল শনিবার দেওয়ান বাজার ও আন্দরকিল্লা ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি।
দেওয়ানবাজার দিদার মার্কেটের সামনে থেকে গতকাল দুপুরে প্রচারণা শুরু করেন মনজুর আলম। এরপর কখনো পায়ে হেঁটে, কখনো খোলা ট্রাকে চড়ে পথে পথে ভোটারদের হাত নেড়ে শুভেচ্ছা জানান। নগর বিএনপির সহসভাপতি সামশুল আলম তাঁর সঙ্গে ছিলেন।
দিদার মার্কেটের সামনে পথসভায় ভোটারদের উদ্দেশে মনজুর আলম বলেন, ‘আপনারা নির্ভয়ে, নির্দ্বিধায় ভোটকেন্দ্রে যাবেন। আমি আপনাদের পরীক্ষিত বন্ধু। বন্ধু কে শত্রু কে তা দুঃসময়ে চেনা যায়।’ মার্কেট সংলগ্ন সড়কের দিকে ইঙ্গিত করে মনজুর বলেন, ‘এই সড়কটি ছোট ছিল। আমি দায়িত্ব নেওয়ার পর সংস্কার করে বড় করেছি। তবে কিছু কাজ এখনো বাকি আছে। এসব কাজ শেষ করার জন্য আপনাদের কাছে আবার ভোট চাইতে এসেছি।’
এরপর ঘাটফরহাদবেগ, খলিফাপট্টি, বলুয়ারদিঘীরপাড়, কোরবানিগঞ্জ, বকশিরহাট হয়ে বান্ডেল কলোনিতে প্রচারণা চালান মনজুর আলম। এসব এলাকায় কয়েকটি পথসভাতেও বক্তব্য দেন তিনি।
সেবক কলোনিতে পথসভায় মনজুর আলম বলেন, ‘আমি এখন মেয়র নই। এখন প্রার্থী হয়ে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। আপনারা কমলালেবু প্রতীক বেছে নিন।’
প্রচারণা শেষ হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় মনজুর আলম দাবি করেন, মেয়র থাকাকালে ব্যবসায়িক কাজে করপোরেশনকে তিনি ব্যবহার করেননি। এমনকি করপোরেশনের ফোন থেকে কখনো নিজের বাসায়ও ফোন করেননি। তিনি বলেন, অপপ্রচার ও ধোঁকাবাজির মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার দিন শেষ হয়ে গেছে। জনগণ এখন অনেক সচেতন। নির্বাচন কমিশন শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করলে এবং ভোটাররা নিরাপদে ভোট দিতে পারলে কমলালেবুর বিজয় কোনো অপশক্তি ঠেকাতে পারবে না।