অপপ্রচারেই পাঁচ সিটিতে পরাজয়: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত ধর্মের নামে জনগণকে বিভ্রান্ত ও অপপ্রচার চালিয়ে পাঁচ সিটি করপোরেশনে ভোট নিয়েছে। তিনি বলেন, জনগণ এখন বুঝতে পেরেছে যে, বিএনপি-জামায়াত তাদের বিভ্রান্ত করেছে। খবর বাসস ও ইউএনবির।
বরিশাল বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কর্মকর্তারা গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর তেজগাঁওয়ের কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, গত ৫ মে শাপলা চত্বরে হেফাজতের কয়েক হাজার কর্মী নিহত হয়েছিল বলে বিএনপি মিথ্যা তথ্য প্রচার করেছে। তারা হাইতিতে ভূমিকম্পে নিহত এবং যুক্তরাষ্ট্রের জোনস টাউনে গণ-আত্মহত্যার ঘটনার ছবি দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়েছে।
২০০১ সালের নির্বাচনের পর দক্ষিণাঞ্চলসহ দেশব্যাপী নির্বাচন-পরবর্তী সহিংসতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণ এখনো এসব নির্যাতন, ধর্ষণ ও হত্যার কথা ভুলে যায়নি। তিনি বলেন, দক্ষিণাঞ্চলের সাংবাদিকেরা বিএনপি আমলে তাঁদের বাড়িতে থাকতে পারতেন না। বিএনপির গুন্ডামি ও সন্ত্রাসের কারণে বরিশালের লোকজনকে কোটালীপাড়ায় আশ্রয় নিতে হয়েছিল।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। বিএনপি-জামায়াত আবার ক্ষমতায় এলে সব উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে। দেশ আবারও অন্ধকারে নিপতিত হবে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আবুল হাসানাত আবদুল্লাহ, আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, সাংসদ তালুকদার মোহাম্মদ ইউনুস এবং সাবেক মেয়র শওকত হোসেন এ সময় উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বার অ্যাসোসিয়েশনের সভাপতি কে বি এস আহমেদ কবীর ও সাধারণ সম্পাদক গোলাম কবীর বাদল।
প্রধানমন্ত্রী বরিশাল বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানান। অ্যাসোসিয়েশনের নেতারাও প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্ব এবং তাঁর নেতৃত্বে দেশের ব্যাপক সাফল্যের প্রশংসা করেন। জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় বিএনপি-জামায়াত ও হেফাজতের তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তারা পবিত্র কোরআন শরিফের হাজার হাজার কপি পুড়িয়ে দিয়েছে।
গত রোববার এক জনসভায় দেওয়া বিরোধীদলীয় নেতার বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতা বলেছেন, পুলিশ শাপলা চত্বরে দেড় লাখ গুলি বর্ষণ করেছে। মাত্র আধা ঘণ্টার মধ্যে কীভাবে এত গুলিবর্ষণ সম্ভব হলো?
শেখ হাসিনা বলেন, তারা আরও গুজব ছড়িয়েছে যে, ইমাম ও মোয়াজ্জিনদের হত্যা করা হয়েছে। তিনি বলেন, কিন্তু ঘটনার পরও মুসলমানেরা রমজান মাসে তাঁদের সব ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেছেন। অন্যান্য নামাজের পাশাপাশি সব মসজিদে তারাবির নামাজ অনুষ্ঠিত হয়েছে।
পরে উপাচার্য অধ্যাপক হারুন অর রশিদ খানের নেতৃত্বে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।